ত্রিমুখী দ্বন্দ্বে জেরবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল ২০০৪ সালের ১৫ জানুয়ারি। এরপর পেরিয়ে গেছে ১০ বছর। এখন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের তাগাদা এসেছে কেন্দ্র থেকে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে এখানে ক্ষমতাসীন দলটিতে ত্রিমুখী দ্বন্দ্ব শুরু হয়েছে। 
দলীয় সূত্রগুলো জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির শুরু থেকেই সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এখন নতুন করে যুক্ত হয়েছে মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলুর নেতৃত্বে আরেকটি অংশ। এই ত্রিমুখী দ্বন্দ্বের কারণে জেরবার আওয়ামী লীগ। এর প্রভাব পড়েছে ছাত্রলীগ-যুবলীগসহ অন্য অঙ্গ-সহযোগী সংগঠনগুলোতেও।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় খুলনায় আওয়ামী লীগের রাজনীতিতে তালুকদার খালেক ছিলেন দাপুটে নেতা। ৫ জুনের নির্বাচনের পর খুলনা-২ আসনের (সদর) সাংসদ মিজানুর রহমান দলের অভ্যন্তরীণ রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠেন। তাঁর দাপটের কাছে তালুকদার খালেক কিছুটা কোণঠাসা। তিনি বাগেরহাটে নিজ নির্বাচনী এলাকায় (বাগেরহাট-৩) বেশি সময় দিতে থাকেন। ইদানীং দলের সম্মেলন সামনে রেখে তিনি নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয় হয়েছেন। তাঁর অনুসারী খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম নগর কমিটির সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
অবশ্য তালুকদার আবদুল খালেক প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি কোন্দলের রাজনীতি করেন না, দলে তাঁর কোনো পক্ষ নেই। তবে দলে অন্তঃকোন্দলের কথা অস্বীকারও করেননি।
এদিকে তালুকদার খালেক ও মিজানুরের বাইরে সম্মেলন সামনে রেখে বেশ সক্রিয় আনিসুর রহমান। তিনি সম্প্রতি নগরের খালিশপুরে আওয়ামী লীগের এক সভায় যুবলীগ ছেড়ে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ওই সভায় আনিসুর রহমানের এই আগ্রহকে স্বাগত জানান সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এর দুই দিন পর পুলিশ যুবলীগের নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় আদালতে। তাতে ওই হত্যার ঘটনায় পরিকল্পনাকারী ও অর্থ জোগান দেওয়ার অভিযোগ এনে যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানকে আসামি করা হয়। আর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
এই অভিযোগপত্রের পর আনিসুর ও মিজানুরের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। আনিসুরের পক্ষের নেতা-কর্মীরা মনে করেন, আনিসুরকে আসামি করার ক্ষেত্রে মিজানুরের লোকজনের হাত রয়েছে। তাঁদের দাবি, এ কারণে বিথার হত্যার অভিযোগপত্র দেওয়ার পর পর নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছেন। একই সঙ্গে মিজানুর-সমর্থিত ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবরকে যুবলীগের সভাপতি ও তালুকদার খালেক-সমর্থিত শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব করা হয়।
আনিসুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি বিথার হত্যায় জড়িত নন। যুবদল থেকে মূল দল আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাওয়ায় দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘আমার ধারণা, আওয়ামী লীগের কয়েকজন নেতার চাপে আমাকে আসামি করা হয়েছে।’
তবে আনিসুরের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি দাবি করেন, ‘মহানগর আওয়ামী লীগের তেমন কোনো দ্বন্দ্ব নেই। আমরা চাই নতুন-পুরোনো মিলিয়ে নতুন কমিটি করতে। কিন্তু অনেকে আছেন, যাঁদের গত ১০ বছরে ঠিকমতো পাওয়া যায়নি। তাঁরা হয়তো সম্মেলন সামনে রেখে দ্বন্দ্ব সৃষ্টি করে থাকতে পারেন।’