সিলেটের নবগঠিত উপজেলা ওসমানীনগরের নির্বাচন আগামী ৬ মার্চ, সোমবার। এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর ত্রিমুখী প্রচার লড়াইয়ে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। আর ভোটের মাঠে অন্য সব বিষয় ছাড়িয়ে আলোচনার শীর্ষে আছেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী। তাঁর স্ত্রী তাহসীনা রুশদীর মাঠে নেমেছেন বিএনপির প্রার্থীর পক্ষে।
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। পাঁচ বছর পর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ইলিয়াস আলীর আলোচনায় আসার কারণ, তিনি এই এলাকার (বিশ্বনাথ-বালাগঞ্জ) সাংসদ ছিলেন। পরে বালাগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নকে আলাদা করে নতুন উপজেলা ওসমানীনগর করা হয়। এখন বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে সিলেট-২ আসন।
এলাকাবাসী জানান, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর এই সংসদীয় এলাকার স্থানীয় সরকারের সব নির্বাচনেই তিনি আলোচনায় ছিলেন। ভোটারদের সহানুভূতি পেতে তাঁর নাম আলোচনায় আনেন অনুসারীরা। বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলা পরিষদের গত নির্বাচনে বিএনপির দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। ওসমানীনগরের আট ইউনিয়ন পরিষদের মধ্যে তিনটিতে বিএনপি জয়ী হয়।
এরই ধারাবাহিকতায় ওসমানীনগর উপজেলার নির্বাচনে জনসংযোগ করছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর। তিনি গত শুক্রবার স্থানীয় ফয়দাবাদ বাজার, এর আগে গোয়ালাবাজারে পথসভা করেন। জনসংযোগে তাহসীনা বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি নিখোঁজ স্বামীর কথাও বলছেন।
তাহসীনা প্রথম আলোকে বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নই। এলাকার মানুষের প্রয়োজনে, বিশেষ পরিস্থিতিতে এসেছি। দু-একটি পথসভা করেছি, যাতে মানুষ বিএনপির প্রার্থীকে ভোট দেন।’ তাঁর দাবি, ‘বিশ্বনাথ-বালাগঞ্জের যে রাস্তায়ই আপনি হাঁটবেন, সে রাস্তায়ই ইলিয়াস আলীর কথা বলবে।’
২০১৫ সালে ওসমানীনগরকে উপজেলা পরিষদ ঘোষণা করে সরকার। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর নামে উপজেলার নামকরণ করা হয়। এ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৬০। ১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীরা মাঠে নামেন। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হলেন মো. আতাউর রহমান (প্রতীক নৌকা)। তিনি দলের ওসমানীনগর উপজেলা কমিটির সভাপতি। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান (জগলু চৌধুরী)। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আখতারুজ্জামানের প্রতীক ঘোড়া। বিএনপির প্রার্থী হলেন দলটির সিলেট জেলা কমিটির সহসভাপতি ময়নুল হক চৌধুরী (প্রতীক ধানের শীষ)। তিনি ওসমানীনগর থানা বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া জাতীয় পার্টির (প্রতীক লাঙ্গল) প্রার্থী মো. শিব্বির আহমদ। তিনি দলের কোনো পদে নেই।
ওসমানীনগরের দয়ামীর, তাজপুরসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী; আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মধ্যে। এলাকা ঘুরে অন্যদের তুলনায় বিএনপির প্রার্থীর প্রচার-পোস্টার কম দেখা গেছে। এর কারণ হিসেবে তাজপুর ইউনিয়নের কাশিপাড়ার বাসিন্দা ব্যবসায়ী শাহেদ আহমদ বলেন, বিএনপির লোকেরা কিছুটা লুকিয়ে লুকিয়ে থাকেন। তবে তাদের ভোট আছে।
স্থানীয় লোকজনের ধারণা, শেষ পর্যন্ত নৌকা ও ধানের শীষের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। যদিও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানও শক্ত প্রার্থী। সব প্রার্থী প্রচারে থাকলেও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তেমন কোনো উত্তেজনা নেই। নির্বাচনী এলাকার পরিবেশ ভালো।
গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ প্রথম আলোকে বলেন, তাঁরা আশাবাদী এম এ জি ওসমানীর স্মৃতিবিজড়িত ওসমানীনগর উপজেলা নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।
আওয়ামী লীগ ও বিএনপির নেতা এবং সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী যেমন বিদ্রোহীকে নিয়ে বেকায়দায় আছেন, তেমনি দলের অভ্যন্তরীণ কোন্দলে সমস্যায় আছেন বিএনপির প্রার্থীও।
আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘দলের একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এটা নিয়ে সমস্যা হচ্ছে। দল তাঁকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছিল, তিনি না করে দাঁড়ালেন চেয়ারম্যান পদে। চেষ্টা করছি ঝামেলা মেটাতে, দেখা যাক কী হয়।’
অবশ্য বিদ্রোহী প্রার্থী মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়েছি চেয়ারম্যান পদ, দেওয়া হলো ভাইস চেয়ারম্যান পদ। এটা তো অবমাননাকর।’ তাঁর দাবি, ‘এমন লোককে চেয়ারম্যান প্রার্থী করা হলো, যিনি বিএনপি, জাতীয় পার্টি করে আওয়ামী লীগে এসেছেন। আর আমার রাজনীতি ছাত্রলীগ থেকে।’
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, সিলেটের বিএনপিতে নিখোঁজ ইলিয়াস আলীর পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ রয়েছে। দুই পক্ষই দলের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ন্ত্রণে রাখতে চায়। এই উপজেলার নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী ছিলেন ইলিয়াস আলীর খুব ঘনিষ্ঠ। এ কারণে ইলিয়াসবিরোধীরা চান না, ওই পক্ষের কোনো নেতা জয়ী হয়ে এলাকায় শক্ত অবস্থান গড়ুন।
এ কারণে উপজেলার ওমরপুর ইউনিয়নের সাবেক বিএনপিদলীয় চেয়ারম্যান চেরাগ আলীর বাড়িতে মারামারি ও গোয়ালাবাজারে তাহসীনা রুশদীর পথসভায় সংঘর্ষের ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের বলে দাবি করছেন আওয়ামী লীগের প্রার্থী। যদিও তাহসীনা রুশদীর দাবি, ক্ষমতাসীন দলের লোকেরা তাঁর পথসভায় হামলা করেছে। তিনি প্রশাসনকে বলেও কোনো সহযোগিতা পাননি।
এই নির্বাচনেও ইলিয়াছ আলী কেন আবার আলোচনায় আসছেন, জানতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আখতারুজ্জামান বলেন, ‘ইলিয়াছ আলী একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। উনার সুনাম-দুর্নাম যা-ই থাকুক, আমরা উনাকে সম্মানের চোখে দেখি। উনি ফিরে আসবেন, এটাই আমরা কামনা করি।’
এলাকায় এমন আলোচনাও আছে যে ইলিয়াসপত্নী তাহসীনা রুশদীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন। নিজের অবস্থান শক্ত করার লক্ষ্যে স্বামীর ঘনিষ্ঠজন ময়নুল হকের পক্ষে জনসংযোগে নেমেছেন তাহসীনা।
এই উপজেলা নির্বাচনে জনসংযোগের উদ্দেশ্য কি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি? এমন প্রশ্নের জবাবে তাহসীনা রুশদীর প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া বর্তমান কমিশনের অধীন বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। যদি বিএনপি নির্বাচনে অংশ নেয়, চেয়ারপারসন আমাকে মনোনয়ন দেন, তাহলে নির্বাচন করব।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, ওসমানীনগর সিলেটের একটি অন্যতম শান্তিপ্রিয় এলাকা। তাঁদের আশাবাদ, এম এ জি ওসমানীর স্মৃতিবিজড়িত ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে হবে। কোনো ধরনের হাঙ্গামা হবে না।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েশ প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন নির্বাচন কমিশনের অধীন নতুন উপজেলার প্রথম নির্বাচন। তাই এ নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।’