থানায় মামলা চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হাতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার লাঞ্ছিত হওয়ার ঘটনার এক দিন পর গতকাল সোমবার জলঢাকা থানায় মামলা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। এতে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আনছারুল হক, হরেন্দ্র রায় ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সোহরাব হোসেনের নেতৃত্বে গতকাল জলঢাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। তাঁদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভূমিহীনদের নাম সরকারি ধান ক্রয়ের তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ আনা হয়েছে।
দুপুর ১২টার দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংক কার্যালয়-সংলগ্ন সোহরাবের বাসভবনের সামনে থেকে মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া সাহাদুল ইসলাম বলেন, ‘কালকে নাকি ইউএনও অফিসে ভাঙাভাঙি হইছে। তারই প্রতিবাদে মিছিল করছি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান মামলায় অভিযোগ করেন, রোববার বেলা ১টা ৪০ মিনিটের দিকে সোহরাব হোসেন ১৫ থেকে ২০ জন লোককে সঙ্গে নিয়ে গালিগালাজ করতে করতে তাঁর কার্যালয়ে ঢোকেন। সোহরাব হোসেন হাতে থাকা লাঠি দিয়ে তাঁকে মারধর শুরু করেন এবং হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে গলা চেপে ধরেন। এ সময় হরেন্দ্র নাথ রায় ও জাহাঙ্গীর আলম নামের দুই উপসহকারী কৃষি কর্মকর্তার ওপরও চড়াও হন সোহরাব।
দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সরকারি ধান ক্রয়ে ভূমিহীন এবং কমসংখ্যক কৃষকের নামের তালিকা করা হয়েছে—সোহরাব হোসেনের এমন অভিযোগ অস্বীকার করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান।
ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, কোনো কর্মসূচি ছাড়াই কৃষি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে এলাকার জনগণ বিক্ষোভ সমাবেশ করেছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান বলেন, মো. সাদেকুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। এর তদন্ত চলছে।