থানা-ওয়ার্ডের কমিটি আবার আটকে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর উত্তরের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের ঘোষণা করা পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে বিভিন্ন থানার নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমিটি নিয়ে নানা অভিযোগ দেন। এরপর প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় দুজন নেতাকে অভিযোগ খতিয়ে দেখে নতুন করে কমিটি গঠনের নির্দেশনা দেন।

গত ২৭ ডিসেম্বর মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান স্বাক্ষরিত ২৬টি থানা, ৪৯টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গতকাল মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খানের নেতৃত্বে প্রায় ১১ জন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর কাছে ঘোষিত কমিটি নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানান। তাঁরা বলেন, কমিটি থেকে অনেক ত্যাগী ও প্রকৃত রাজনীতিককে বাদ দেওয়া হয়েছে। এর ফলে দল রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। প্রধানমন্ত্রী তাঁদের অভিযোগ শুনে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেন। তাঁদের সব পক্ষের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জানতে চাইলে কাদের খান প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ড নেতারা নেত্রীর কাছে নানা কষ্টের কথা জানিয়েছেন। নেত্রী তা মনোযোগ দিয়ে শুনেছেন। এরপর কমিটি স্থগিত করে যাচাই-বাছাই করে নতুন করে কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফারুক খান ও মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আমাদের আলোচনা করতে বলেছেন।’

অবশ্য মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রথম আলোর কাছে দাবি করেছেন কমিটি বহাল আছে। কিছু নেতা দলীয় প্রধানের কাছে গিয়েছিলেন। তবে কমিটি স্থগিতের কোনো নির্দেশনা তাঁদের দেওয়া হয়নি।

এর আগেও আরেকবার উত্তরের কমিটি চূড়ান্ত করা হয়েছিল। একইভাবে কিছু নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ দিলে তা আটকে যায়। এরপর মহিবুল হাসান চৌধুরীকে অভিযোগ খতিয়ে দেখে কমিটি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে তাঁর বাবা চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী মারা যান। এই সময় উত্তরের কমিটি ঘোষণা দেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি এবং প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ গত বছরই কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছিল। ওয়ার্ড ও থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ভার দেওয়া হয় মহানগর কমিটিকে। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে তা এখনো সম্ভব হয়নি।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, ঘোষিত কমিটির সবাইকে বাদ দেওয়া বা বড় ওলট-পালট হয়তো হবে না। কিছু কাটছাঁট করে ক্ষুব্ধ ব্যক্তিদের ক্ষোভ কমানোর চেষ্টা করা হবে।

জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটি নিয়ে কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখার জন্য ফারুক খান ও তাঁকে নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান।