দক্ষ ও তরুণদের বিএনপির স্থায়ী কমিটিতে আনতে হবে: এমাজউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ও দক্ষ নেতাদের বিএনপির স্থায়ী কমিটিতে আনার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ বলেন, আজকে বিএনপির স্থায়ী কমিটিতে যাঁরা সিনিয়র হয়ে গেছেন, তাঁদের সম্মান দিয়ে একটি ভালো জায়গায় রাখতে হবে। যাঁরা কমবয়সী, কর্মঠ এবং দক্ষ সংগঠক তাঁদের স্থায়ী কমিটিতে আনতে হবে।
এমাজউদ্দীন আহমদ আরও বলেন, সরকার যতই ঘায়েল করার চেষ্টা করুক, বিএনপিকে সহজে ধ্বংস করতে পারবে না। এতে বিএনপির ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার কারণ নেই। কারণ, বিএনপির অনেক জনসমর্থন রয়েছে। অবাধ নির্বাচন হলে শতকরা ৭২ ভাগ ভোট বিএনপি পাবে। তিনি বলেন, দেশের তরুণ-তরুণী ও ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করতে হবে বিএনপিকে। তাহলেই বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
জাতীয়তাবাদী কর্মজীবী দল নামের একটি সংগঠন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।