দক্ষিণ জেলা আ. লীগের প্রতিনিধি সভা ১৬ জুলাই
আগামী ১৬ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, নগরের বাকলিয়া থানাধীন একটি কনভেনশন সেন্টারে এই প্রতিনিধি সভার স্থান নির্ধারণ করা হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
গতকালের বর্ধিত সভায় মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশ ও মানুষের স্বার্থে শেখ হাসিনাকে জয়ী করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, এক ও অভিন্ন হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার শপথ নিতে হবে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ের কোন বিকল্প নেই।
গতকালের বর্ধিত সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতারা অংশ নেন।