দক্ষিণে লড়তে মনোনয়নপত্র নিলেন মির্জা আব্বাস

ঢাকা দক্ষিণের সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়।
মির্জা আব্বাসের মনোনয়নপত্র নেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নওয়াবুল আলম । তিনি জানান, আইনজীবী এ কে এম শহীদুল্লাহ মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র নেন। মির্জা আব্বাস নব্বইয়ের দশকে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। চার দলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র নিয়েছেন নেতারা।
এ ছাড়া আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে লড়তে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাদের চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা শাহ আলম তাঁর মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে ২৫ জন, কাউন্সিলর পদে ৬৩৪ এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে ২৮ জন, কাউন্সিলর পদে ৯২৩ এবং সংরক্ষিত পদের জন্য ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ২৯ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১ ও ২ এপ্রিল যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।