দখল নিতে হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক ৭
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে বেসরকারি গ্র্যান্ড হাসপাতালের দখল নিয়ে গতকাল শনিবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা রোগী, কর্মচারী ও একজন চিকিৎসককে প্রায় আড়াই ঘণ্টা জিম্মি করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাতজনকে আটক করেছে।
আটক হওয়া সাতজন হলেন কসবা উপজেলার বাসিন্দা ও গ্র্যান্ড হাসপাতালের চেয়ারম্যান জিয়াউল হক (৪৫), ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার আফরিন খন্দকার (৩৫), উত্তর মৌড়াইল এলাকার রবিন ভূঁইয়া (২০), রাসেল ভূঁইয়া (২২), এনামুল হক (৫২), হারিজ মিয়া (৫২) ও তাঁর ছেলে মো. মুত্তাকিন (১৮)।
স্থানীয় লোকজন, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর আধুনিক সুপার মার্কেট নামের বিপণিবিতানের তৃতীয় তলায় অবস্থিত গ্র্যান্ড হাসপাতালের চেয়ারম্যান জিয়াউল হকের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম খানের মালিকানা চুক্তি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সকাল সাতটার দিকে হাসপাতালের দখল নিতে জিয়াউল হকসহ সাতজন সেখানে হামলা চালান। তাঁরা হাসপাতালের ভেতরে বেশ কয়েকটি কেবিনসহ অস্ত্রোপচার কক্ষ ভাঙচুর করেন। তাঁরা হাসপাতালে ভর্তি থাকা সাতজন রোগী, ছয় থেকে সাতজন কর্মী ও চিকিৎসক কৌশিক আহমেদের মুঠোফোন কেড়ে নিয়ে জিম্মি করেন। সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশের সঙ্গে হামলাকারীদের হাতাহাতি হয়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক এবং জিম্মিদের উদ্ধার করে।
হাসপাতালের এমডি ইব্রাহিম খান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ওই মার্কেটের তৃতীয় তলা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। ২০১৩ সালে সেখানে হাসপাতাল চালু করি। তখন সে (জিয়াউল হক) হাসপাতালের নির্মাণাধীন ও অন্যান্য কাজ থেকে অনেক টাকা আত্মসাৎ করে। স্থানীয় প্রেসক্লাব ও বণিক সমিতির লোকজন নিয়ে গত বছর সালিসে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়। তখন তাঁকে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
জিয়াউল হক বলেন, ‘হাসপাতালের মেঝের ৪০০ বর্গফুট জায়গা আমিসহ সাতজন কিনেছি। আমার নামে জায়গা রেজিস্ট্রি করে বুঝিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম খানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা করেছি। আদালত ইব্রাহিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেন। আমরা জায়গা বুঝে নিতে গিয়েছিলাম।’