দখলের বেড়ায় মুক্তাঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তাঙ্গনের ফাঁকা মাঠ দখল করে মাইক্রোবাস স্ট্যান্ড ও গ্যারেজ বানানো হয়েছে। ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো
মুক্তাঙ্গনের ফাঁকা মাঠ দখল করে মাইক্রোবাস স্ট্যান্ড ও গ্যারেজ বানানো হয়েছে। ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো

দেশের রাজনৈতিক ইতিহাসের সাক্ষী মুক্তাঙ্গন পার্ক এখন বন্দী। পার্কের সিংহভাগ একশ্রেণির ব্যবসায়ীর দখলে। জায়গাটি এখন আর আলাদা করে চেনা যায় না।
জিপিও থেকে পল্টন মোড় যেতে হাতের বাম দিকের খোলা অংশটিই মুক্তাঙ্গন। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, ‘ঢাকা মাইক্রবাস ও কার মালিক সমিতি’ নামের একটি সংগঠন বেশির ভাগ অংশ দখল করে রেখেছে। আরেকটি অংশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডাস্টবিন। ভাঙারির দোকানসহ ছোট ছোট কয়েকটি দোকানও সেখানে অবৈধভাবে গড়ে উঠেছে। মাইক্রোবাস মালিক সমিতির অন্তত ৩৫টি মাইক্রোবাস ও কয়েকটি প্রাইভেটকার সারি বেঁধে রাখা আছে।
এ বিষয়ে ‘ঢাকা মাইক্রবাস ও কার মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মেহের হোসেন খান বলেন, ‘জানি, এইখানে এভাবে গাড়ি রাখা অবৈধ। কিন্তু এ জায়গা তো কোনো কাজে লাগত না। মিটিং-মিছিলের সময় আমরা জায়গা ছেড়ে দিতাম।’ সরকারের পক্ষ থেকে উঠে যেতে বললে তাঁরা উঠে যাবেন বলেও উল্লেখ করেন মেহের হোসেন।
মুক্তাঙ্গনে সিটি করপোরেশনের দুটি ময়লার কন্টেইনারও চোখে পড়ে। ময়লা উপচে পড়ে অনেকটা জায়গায় কাদা হয়ে আছে। পথচারীদের নাক চেপে ওই এলাকা পার হতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে পাশের একটি সরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী বলেন, ‘আশির দশকে মুক্তাঙ্গনকে আমরা মিটিং-মিছিলে জমজমাট দেখেছি। এখন দেশের রাজনীতির মতো এই মুক্তাঙ্গনও বেহাল।’
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান এম কে বখতিয়ার বলেন, এখন তো আর মুক্তাঙ্গন আগের অবস্থায় নেই। আর মেইন রোডেও (মূল সড়ক) তো কন্টেইনার রাখা যায় না। তাই এখানে রাখা হয়েছে। তিনি আরও বলেন, মাটির নিচে বর্জ্য ব্যবস্থাপনার (আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট) একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে। তখন ওই কন্টেইনার দুটিও সরে যাবে। মুক্তাঙ্গনের এক অংশে ভাঙারির দোকানও গড়ে উঠেছে। জানতে চাইলে দুই দোকানের মালিক মো. মোস্তফা ও মো. মোশাররফ বলেন, মাসে চার হাজার টাকা করে ভাড়ার বিনিময়ে ওয়ার্ড যুবলীগ নেতা কেশবের কাছ থেকে তাঁরা এ অংশ ভাড়া নিয়েছেন।
মুক্তাঙ্গন পার্ক এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের অধীন। এ ওয়ার্ডের কাউন্সিলর মোস্তবা জামান প্রথম আলোকে বলেন, রেন্ট-এ কারের ব্যবসা তো এখানে প্রায় ২৫ বছর ধরে আছে। তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলা বা উদ্যোগ নেওয়ার কথা মনে হয়নি। তিনি আরও বলেন, তাঁকে না জানিয়ে সেখানে ময়লার কন্টেইনার বসানো হয়েছে। এ বিষয়ে তিনি ইতিমধ্যে সিটি করপোরেশনে কথা বলেছেন।
আর যুবলীগ নেতা কেশব সম্পর্কে জানতে চাইলে মোস্তবা বলেন, তিনি কোনো বড় নেতা নন। দলের সমর্থক ও কর্মী। দলের নাম ব্যবহার করে এই সুবিধা নিচ্ছেন। তিনি বলেন, প্রশাসনকে বলে দ্রুতই দোকানগুলো সরিয়ে ফেলা হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি (সিপিবি) প্রবীণ নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এরশাদের সময়ে পল্টন ময়দান থেকে সভা-সমাবেশের স্থান সরিয়ে মুক্তাঙ্গনে আনা হয়েছিল। এখন এটা ব্যবহার করার সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে। দেশে গণতন্ত্রচর্চা নিশ্চিত করার জন্য এ জায়গার পুনরুদ্ধার করতে হবে।