দপ্তর হারানো নিয়ে কোনো কথা বলেননি আশরাফ

দপ্তর হারানো নিয়ে কোনো কথা বলেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ১৪ মিনিটের বক্তৃতায় এবং অনুষ্ঠান শেষে সাংবাদিকরাও এ ব্যাপারে জানতে চাইলেও সৈয়দ আশরাফ কিছু বলেননি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুবলীগের আজকের ইফতার মাহফিলের ঘণ্টা দুয়েক আগে সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে আয়োজক যুবলীগের নেতাদের মধ্যে কানাঘুষা ছিল তিনি অনুষ্ঠানে যোগ দেন কি না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই সৈয়দ আশরাফ অনুষ্ঠানে আসেন। তিনি এসেই যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ বসেন। এরপর অনুষ্ঠান শেষে আবারও যুবলীগ কার্যালয়ে গিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। বক্তৃতা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে সম্মত হননি। তবে, অনুষ্ঠানে ১৪ মিনিটের বক্তৃতায় তিনি কোথাও তাঁর মন্ত্রণালয় সম্পর্কিত একটি শব্দও বলেননি।
বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ থাকবে না। অশুভ শক্তি আসতে পারে।
সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া নির্বাচনে এসে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চান। নির্বাচনে আওয়ামী লীগ জিততেও পারে, হারতেও পারে। আবার বিএনপিও জিততে পারে, হারতে পারে। এটা নির্ভর করে জনগণের ওপর। তিনি বলেন, ‘আইয়ুব খানের সামরিক শাসনামলে জনগণের ভোটাধিকার ছিল না। বুনিয়াদি গণতন্ত্র ছিল। বঙ্গবন্ধু বলতেন, আমরা জানি সামরিক শাসনের অধীনে নির্বাচনে জিততে পারব না। তারপরও তিনি বললেন, নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন কেবল জয়লাভ পরাজয়ের কনসেপ্ট নয়। নির্বাচনের সময় ভোটারের ঘরে ঘরে গিয়ে বলতে হবে, আপনার ভোটাধিকার নেই। ভোটের মালিক চেয়ারম্যান-মেম্বার।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান আমলে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করেছিল। বঙ্গবন্ধুর একই কথা ছিল, নির্বাচনে অংশগ্রহণ করার মূল ভিশন জনগণের দ্বারে দ্বারে যাওয়া। এরশাদ ও জিয়ার স্বৈরশাসনের সময়ও আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে গিয়েছে।
সৈয়দ আশরাফ খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আসলেন না। দেশে সংঘাত করলেন, বাস পোড়ালেন, ট্রেন পোড়ালেন, মানুষ মারলেন। নির্বাচন বর্জন করে আপনারা এখন ভাসমান হয়েছেন। আগামী নির্বাচনও সংবিধানের আলোকে হবে। সেই নির্বাচনে অংশ নিন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া কথায় কথায় মিথ্যাচার করেন। তিনি রোজা রাখেন। ইফতার পার্টিতে যান। তারপরও মিথ্যাচার করেন। একজন মুসলমান রোজা রেখে মিথ্যাচার করতে পারেন না; এটা হারাম। খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে জ্বালাও পোড়াও বন্ধ করেন। রাজনীতিতে জ্বালাও পোড়াও করলে দেশের ক্ষতি হবে। রাজনৈতিক সহিংসতায় আর একজনেরও প্রাণ যাতে না যায়।
যুবলীগের নেতা-কর্মীদের প্রশংসা করে সৈয়দ আশরাফ বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নিয়ে মাতামাতি আছে। যুবলীগকে নিয়ে তেমন মাতামাতি নেই। এ কারণেই আমি বারবার যুবলীগের সভায় আসি। তিনি যুবলীগের নেতা-কর্মীদের আওয়ামী লীগের ভবিষ্যৎ বলে মন্তব্য করেন।
আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।