দমন-পীড়ন করে দেশ শাসন করা যায় না: মওদুদ
যাঁরা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসেন, তাঁরাই দেশে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ইতিহাসের শিক্ষা হলো, দমন-পীড়ন করে দেশ শাসন করা যায় না। সরকারের উচিত হবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের নির্বাচিত সরকারব্যবস্থা নিশ্চিত হয়।
গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মওদুদ আহমদ। বসুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, কামাল উদ্দিন চৌধুরী, আহসান উল্লাহ, জাহাঙ্গীর আলম প্রমুখ।