ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ছয়টি কাজের জন্য বিক্রি হওয়া ২২৫টি দরপত্রের মধে৵ গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১৮টি দরপত্র জমা পড়ে। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্র জমা দিতে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঠিকাদারেরা।
নিজেদের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ঠিকাদারদের এ বাধা দেন বলে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন। এর আগে গত শনিবার রাতে সমঝোতার কথা বলে অধিকাংশ ঠিকাদারের কাছ থেকে দরপত্র নিয়ে নেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ-ব্যান্ডেজ, নানা পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক সামগ্রী, আসবাব সামগ্রী ইত্যাদির জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল গত ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে এই দরপত্র আহ্বান করে। অর্ধশতাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান ৬টি কাজের বিপরীতে ২২৫টি দরপত্র কেনে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, জেলা সদর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল এলাকার ভেতরে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রধান ফটকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে আছেন। হাসপাতালের প্রধান ফটকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া দাঁড়িয়ে ছিলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের বাইরে রাখা দরপত্র জমা দেওয়ার বাক্সের ওপরেও বসে আছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বাক্সটির সামনে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সহকারী পরিচালক শফিকুল ইসলামের সঙ্গে এসব বিষয়ে কথা বলার সময় ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ আসেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এক কর্মী অসুস্থ। তাই ছাত্রলীগের নেতা-কর্মীরা হাসপাতালে অবস্থান করছেন।’ দরপত্র জমা দেওয়ার বাক্সের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের বসে থাকার বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকেরা তো অনেক কিছুই দেখেন।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা মহিলা যুবলীগের এক নেত্রী বলেন, ‘আমি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ছয়টি দরপত্র কিনেছিলাম। পরে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা কাজটি সমঝোতা করা হবে বলে গত শনিবার রাতে পুরাতন জেলা রোড এলাকার দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে ঠিকাদারদের নিয়ে আলোচনায় বসেন। দলীয় জ্যেষ্ঠ নেতা-কর্মীদের কথামতো আমি আর দরপত্র জমা দিইনি।’
ঢাকার ঠিকাদার মহসিন উদ্দিন বলেন, ‘আমি ও আমার ঢাকার বন্ধু সাজ্জাদ মুন্সি ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রপিক্যাল এন্টারপ্রাইজ ও আহমেদ এন্টারপ্রাইজের নামে ১২টি দরপত্র কিনি। গত শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজন এসব কাজে সমঝোতা হবে বলে জানিয়ে ঠিকাদারদের গত শনিবার রাতে দরপত্রগুলো জমা দিতে বলেন। দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে ঠিকাদারদের নিয়ে শনিবার রাতে আলোচনায় বসেন তাঁরা। এ সময় ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পুনিয়াউট এলাকার হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অনেক নেতা-কর্মী সেখানে ছিলেন।’ঠিকাদার আরও বলেন, ক্ষমতাসীন নেতা-কর্মীরা কয়েকটি ওষুধ কোম্পানির কাছ থেকে ৫৬ লাখ টাকা নেন। দরপত্র কেনার পরও যেসব ঠিকাদারেরা কাজ পাবেন না, তাঁদের মাঝে ৪০ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হবে বলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জানান। তবে যেসব ঠিকাদার প্রস্তাব মানেননি, তাঁরা ওই নেতা-কর্মীদের বাধায় গতকাল সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগও দিতে পারেননি। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ জমা দেন। ঠিকাদার মহসিন পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানান।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমি সব সময় আলাউদ্দিন সংগীতাঙ্গনে রাত ৯-১০টা পর্যন্ত থাকি। তবে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমি বাসায় চলে আসি। এসব বিষয়ে আমি কিছু জানি না।’
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানজিল আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে দরপত্র জমা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘দরপত্র জমা না দিতে পারা প্রসঙ্গে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’ বাইরের অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বাইরে দেখার দায়িত্ব আমার না।’