চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখতে দিনরাত পরিশ্রম করে হরিজন সম্প্রদায়ের লোকজন। কিন্তু এই সম্প্রদায়ের পাঁচ শতাধিক সদস্য চরম মানবিক বিপর্যয়ে রয়েছে। অধিকার নিয়ে সম্প্রতি আন্দোলনে নেমেছে তারা। এ নির্বাচনে হরিজন ইস্যু প্রভাব ফেলবে বলে অনেকে ধারণা করছেন।
হরিজন ঐক্য পরিষদের দাবি, অন্যান্য ধর্মের মানুষের পাশাপাশি তাদেরও সমান সুযোগ দিতে হবে। দেশের অন্যান্য সম্প্রদায়ের মানুষের মতো তাদেরও রয়েছে সাংবিধানিক অধিকার। পৌর নির্বাচনের আগে এই অধিকার মেনে নেওয়া না হলে তাদের দুই শতাধিক ভোটার ভোট বর্জন করবেন।
গত মঙ্গলবার দর্শনায় হরিজন সম্প্রদায়ের অধিকার বাস্তবায়নে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান দর্শনায় গিয়ে হরিজনদের সেলুনে বসে চুল কাটার সুযোগ দিতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে দর্শনা দোকান মালিক সমিতি আন্দোলনে নামে। পরে প্রশাসনিক উদ্যোগ ও স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হরিজন ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার বাঁশফোড় বলেন, কেরু অ্যান্ড কোম্পানির মাত্র তিন বিঘা জমির ওপর ৫০টি ঘর তুলে পাঁচ শতাধিক সদস্য কষ্টে বসবাস করে। ওই সম্প্রদায়ের শতাধিক ছেলেমেয়ে বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ে পড়াশোনা করছেন। কলেজছাত্র চন্দন কুমার বলেন, স্কুল-কলেজে তাঁরা সেলুনে চুল কাটার সুযোগ চেয়েও পাননি। জিতেন কুমার বলেন, হরিজনেরা সারা পৌরবাসীকে পরিচ্ছন্ন রাখে। অথচ হরিজনপল্লিতে নর্দমা (ড্রেন) নেই, ডাস্টবিন নেই।
দর্শনা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন,‘বিষয়টির একটা সুরাহা হওয়া দরকার।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, হরিজনদের দাবিগুলো যৌক্তিক। তবে বর্তমান সমাজব্যবস্থায় এক দিনে তা সমাধান হবে না। এ জন্য উভয় পক্ষকেই সহনশীলতার পরিচয় দেখাতে হবে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আলী মনসুর দাবি করেন, তিনি হরিজন সম্প্রদায়ের জন্য কিছু সুযোগ-সুবিধা সৃষ্টি করেছেন। তিনি নিজ অর্থে হরিজনদের জন্য আলাদা একটি সেলুন প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও নানা কারণে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মহিদুল ইসলাম বলেন, তাঁর মেয়াদকালে হরিজনপল্লিতে সড়ক উন্নয়নসহ বিভিন্ন কাজ করেছেন। হরিজন ইস্যু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি দাবি করেন।