দর্শনায় সরে দাঁড়ালেন সাংসদের ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলি মুনছুর (বাবু) মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নানা জল্পনা-কল্পনা শেষে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমানের কাছে প্রতিনিধির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
মো. ফরিদুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চত করেছেন।
আলি মুনছুর চুয়াডাঙ্গা-২ আসনে সরকারদলীয় সাংসদ আলি আজগারের ছোট ভাই ও দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাঁর পক্ষে আবেদন জমা দেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম, আওয়ামী লীগ সদস্য গোলাম ফারুক ও যুবলীগের আজিজুর রহমান।
এদিকে জীবননগর পৌরসভায় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও চুয়াডাঙ্গায় সদ্য বিলুপ্ত যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির, দর্শনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও জীবননগরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিনকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সমর্থন পাওয়া মেয়র প্রার্থীদের পাশাপাশি জীবননগরে জাহাঙ্গীর আলম ও দর্শনায় আলি মুনছুর বিদ্রোহী প্রার্থী হিসেবে এবং চুয়াডাঙ্গায় ওবাইদুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং সাংসদ আলি আজগারের পরামর্শে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।