নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে গাজী আলী করিম মার্কেটের দোতলায় জেলা বিএনপির বিশাল অফিস। চলতি বছরের শুরু থেকেই অফিস ঘরটি বন্ধ। এখনো তা ২৪ ঘণ্টাই বন্ধ থাকছে। বড় নেতাদের শহরে ঘোরাঘুরিও চোখে পড়ে না। দলে খুব বেশি সক্রিয় নয়, এমন দু-একজন নেতাকে মাঝেমধ্যে শহরে দেখা গেলেও কোথাও বসে আড্ডা দেন না তাঁরা। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে। অনেকেই বলছেন, এঁদের দুজনই বিদেশে চলে গেছেন। তাঁদের ফোনও দীর্ঘদিন ধরে বন্ধ।
জেলার অন্তত ১২ জন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরাই বললেন, রাজনীতির মাঠে নড়াইল বিএনপি এখন কেবলই নীরব দর্শক। জেলায় কোনো ধরনের কর্মকাণ্ড নেই দলটির। মূলত নির্বাচনের দাবিতে চলতি বছরের শুরুতে ব্যর্থ আন্দোলনের পর থেকেই জেলা বিএনপির এই অবস্থা। তবে এখানে বিএনপির নেতাদের মধ্যে কোনো দলাদলি নেই। অবশ্য বেশির ভাগ নেতা আছেন কারাগারে। আর বাকিরা জেলার বাইরে বা আত্মগোপনে।
একাধিক নেতা বললেন, অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি দিয়ে নেতা-কর্মীদের বিপদে ফেলানো হয়েছে। এখন তাঁরা না পারছেন ঘরে থাকতে, না পারছেন কোনো কাজ করতে। পুলিশ সব সময় তাড়া করে ফিরছে। যাকে পাচ্ছে, তাঁকে বিভিন্ন মামলা দিয়ে জেলহাজতে পাঠাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি করেন এমন বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য ঢাকায় দেনদরবার করছেন। তাঁরা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নলদী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামান বলেন, জেলায় নেতৃত্ব পরিবর্তন করা না হলে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে জোটগত সম্পর্ক থাকা উচিত ছিল, এর বেশি নয়।
জেলা বিএনপির একজন সাংগঠনিক সম্পাদকের স্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার স্বামীকে কতবার বলেছি রাজনীতি ছেড়ে দিতে, কিন্তু শোনেনি। শুনেছি, গাড়ি পোড়ানো ও পুলিশ মারা মামলায় তাকে আসামি করা হয়েছে। এখন পালিয়ে বেড়াচ্ছে। সংসারটা চালাই কীভাবে?’
জেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন সিকদারের কাছে দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি দলের মুখপাত্র নই।’