দল ক্ষমতায় কোন্দল সর্বত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল পুরোনো খবর। নতুন খবর হচ্ছে», বিবদমান দুই পক্ষ এখন প্রকাশ্য সমাবেশ করে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতেও দ্বিধা করছে না। দলের বর্ধিত সভায় পর্যন্ত হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, দল ক্ষমতায়, তাই নেতাও বেশি। কেউ কাউকে ছাড় দিতে চায় না। জেলা নেতাদের এই কোন্দলের প্রভাব সহযোগী সংগঠন থেকে শুরু করে ৩৮টি ইউনিয়নের নেতা-কর্মী পর্যায়েও পড়েছে। ফলে জেলা কাউন্সিল করেও দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনা সম্ভব হয়নি।
জেলার একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলে স্থবিরতা কাটানো এবং কোন্দল নিরসনে গত ১৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামত না নিয়েই সভাপতি পদে সুবাস সোম ও সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন খানের নাম ঘোষণা করা হয়। কিন্তু কাউন্সিলের চার মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আপাতত দলের কার্যক্রম শুধু বিভিন্ন দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে।
শহরের পুরোনো বাসটার্মিনাল চত্বরে নবনির্মিত দলীয় কার্যালয়ে কয়েক দিন গিয়ে দেখা গেছে, কার্যালয় প্রায় সময়ই ফাঁকা থাকে। জেলার শীর্ষ নেতারা কার্যালয়ে খুব একটা আসেন না। মাঝেমধ্যে সহযোগী সংগঠনগুলোর কর্মসূচিতে দু-একজন নেতাকে কার্যালয়ে দেখা যায়।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় কার্যালয়ে সভাপতি সুবাস সোম এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের সমর্থকেরা উপস্থিত ছিলেন। একই দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব বিশ্বাসের নেতৃত্বাধীন অংশ শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আলাদা সমাবেশ করে।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিও দুই পক্ষ আলাদাভাবে পালন করে। ওই দিন সুবাস-নিজাম অংশ সমাবেশ করে দলীয় কার্যালয়ে। আর মোহাম্মদ আলী-সোহরাব অংশের সমাবেশ হয় শহরের চৌরাস্তায়। গত ১৪ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সোহরাব বিশ্বাসকে বক্তব্য দিতে না দেওয়ায় তাঁর সমর্থকেরা চেয়ার ছোড়াছুড়ি করেন। এতে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলীসহ কয়েকজন আহত হন।
দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা-কর্মীর অভিযোগ, নেতাদের মধ্যে কর্তৃত্বের এই দৌড়ঝাঁপের পেছনে রাজনৈতিক ও সাংগঠনিক কারণের চেয়ে ‘ক্ষমতার সুবিধা’ পাওয়াই মুখ্য। অধিকাংশ সংঘাতের পেছনে নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃত্ব করা এবং ঠিকাদারিসহ উন্নয়নকাজের ভাগবাঁটোয়ারার প্রভাবই বেশি।
জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান জানান, কাউন্সিলের পর বর্তমানে জেলায় দুটি পক্ষ দৃশ্যমান। একটি গ্রুপের নেতৃত্বে আছেন সুবাস বোস, নিজাম উদ্দীন খান ও জাহাঙ্গীর বিশ্বাস। অপর পক্ষে আছেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস। তিনি বলেন, এখন দলের সাংগঠনিক অবস্থা মোটেও ভালো নেই। এর সঙ্গে নিয়োগ-বাণিজ্য, টেন্ডারবাজি মিলে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি হলে সাংগঠনিক কার্যক্রম গতি আসবে বলে মনে করেন তিনি।
নড়াইল পৌর কমিটির সভাপতি মলয় কুমার কুন্ডু বলেন, গত বছর জেলা কমিটির সভায় সদস্য সংগ্রহ অভিযান ও প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলীয় কার্যক্রম থেকে দূরে সরে আছেন অনেক নেতা-কর্মী।
জানতে চাইলে বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের পর জেলা কাউন্সিল না হওয়ায় সংগঠন ঝিমিয়ে পড়েছিল। এখন পূর্ণাঙ্গ কমিটি হলে এ স্থবিরতা কেটে যাবে। তিনি বলেন, সরকারের সফলতা তুলে ধরতে জেলার প্রতিটি ইউনিয়নে জনসভা করা হবে।
জেলা কমিটির সাবেক সদস্য এস এ মতিন বলেন, সাবেক জেলা কমিটির ১০১ সদস্যের ৯০ শতাংশই নিষ্ক্রিয়। দীর্ঘদিন জেলা কমিটির সঙ্গে ওয়ার্ড, ইউনিয়ন বা উপজেলা কমিটির যোগাযোগ হয় না। এসব কারণে নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। দলের মধ্যে গণতন্ত্র এবং বঙ্গবন্ধুর আদর্শিক চিন্তা-চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন বলতে কিছুই নেই। পেশিশক্তির ওপর দল নির্ভরশীল হয়ে পড়ছে। যে যা পারছে, সে তা-ই করে চলছে।