দল চলছে আহ্বায়ক কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে জেলা জাতীয় পার্টি (জাপা) চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। তবে আহ্বায়ক কমিটি কোনটি ঠিক, তা নিয়ে দ্বিধায় আছেন নেতা-কর্মীরা। কারণ, দুই পক্ষেরই দাবি—তাঁদের কমিটি-ই ঠিক।
জেলা জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা বলেন, এমনিতে দলে বারবার কমিটি ভাঙা ও নেতৃত্ব পরিবর্তনে নেতা-কর্মীরা হতাশ। তাঁরা কেন্দ্রের ওপর আস্থা হারিয়েছেন। এর ওপর আবার দুই আহ্বায়ক কমিটির দাবি। তাঁরা বুঝতে পারছেন না, দলের নেতৃত্বে কাঁরা। জেলার চারটি সংসদীয় আসনের তিনটিতেই দলীয় সাংসদ থাকলেও কোনো সমন্বয় নেই। সাংগঠনিক কর্মকাণ্ডও নেই। সহযোগী সংগঠনগুলোরও তৎপরতা নেই। জেলা কমিটির সঙ্গে উপজেলার নেতাদের কোনো যোগাযোগ নেই। এ অবস্থায় অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে গেছেন। একটি অংশের নেতা-কর্মীরা জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগ ও বিএনপিতে যোগ দিয়েছেন।
জেলার চিলমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের জেলা কমিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই। কাঁরা দল চালাচ্ছেন জানি না। পুরো জেলায় পার্টির কোনো কর্মকাণ্ড নেই।’
জেলা জাপার কয়েকজন নেতা বলেন, দলের একটি পক্ষের নেতৃত্বে আছে তাজুল ইসলাম চৌধুরীর পক্ষ। তিনি কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ। আরেক পক্ষের নেতৃত্বে আছে গত বছরের শেষ দিকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের করা ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি। এই কমিটির আহ্বায়ক হলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব হলেন রেজাউল করিম। এই কমিটির আগের কমিটির আহ্বায়ক ছিলেন তাজুল ইসলাম চৌধুরী। তবে দশম সংসদ নির্বাচনের কিছুদিন পর দলীয় চেয়ারম্যান তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেন।
অবশ্য তাজুল ইসলাম পক্ষের নেতা মেছের আলী বাবু দাবি করেন, ‘আগের কমিটি বহাল আছে। ওই কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ও আমি সদস্যসচিব। এতে দলের চেয়ারম্যান এরশাদের অনুমতি রয়েছে।’
জেলা জাপার নেতারা বলেন, তাজুল ইসলাম চৌধুরী ১৯৭৯ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে বিএনপির টিকিটে প্রথম সাংসদ নির্বাচিত হন। এরশাদ ক্ষমতায় আসার পর তিনি বিএনপি ছেড়ে জাপায় যোগ দেন। ১৯৮৬ সালে জাপা থেকে সাংসদ ও পরে মন্ত্রী হন। এক-এগারোর সময় জাপা ত্যাগ করে ফেরদৌস আহমদ কোরেশীর পিডিপিতে যোগ দেন। এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকিটে কুড়িগ্রাম-২ আসন থেকে এরশাদের বিরুদ্ধে নির্বাচন করে জামানত হারান। পরে আবার জাপায় যোগ দেন।
দলীয় নেতারা বলেন, নবম সংসদ নির্বাচনের পর এরশাদ জেলায় দলকে শক্তিশালী করতে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক আবদুস সালামকে আহ্বায়ক ও পনির উদ্দিন আহমেদকে (বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান) সদস্যসচিব করে জেলা কমিটি গঠন করেন। এতে জাপার নেতা-কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। কিছুদিন পর এরশাদ আবার তাজুল ইসলাম চৌধুরীকে দলে আনেন এবং আহ্বায়ক কমিটি ভেঙে তাঁকে জেলা সমন্বয়কের দায়িত্ব দেন। এই পরিবর্তনে ক্ষুব্ধ হয়ে পনির উদ্দিন আহাম্মেদসহ একটি অংশের নেতা-কর্মীরা দলত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। কেউ কেউ যোগ দেন বিএনপিতে। আর আবদুস সালাম নিষ্ক্রিয় হয়ে পড়েন।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের সময় রওশন এরশাদের পক্ষে ছিলেন তাজুল ইসলাম চৌধুরী। তিনি কুড়িগ্রাম-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে বিরোধী দলের চিফ হুইপ হন। তবে এরশাদ তাঁকে প্রথমে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং পরে প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেন। ২০১৪ সালের শেষ দিকে সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্যসচিব করে ৬৭ সদস্যের কমিটি গঠন করে দেন।
আহ্বায়ক কমিটির সদস্যসচিব রেজাউল করিম বলেন, ‘পার্টির চেয়ারম্যান এই কমিটি ঘোষণা করেছেন। তাঁর স্বাক্ষরিত কমিটি পাওয়ার পর কাজ শুরু করি। দলের ত্যাগী নেতা-কর্মীরা আমাদের সঙ্গে আছেন। অপর পক্ষ তোষামোদকারী ও সুবিধাবাদীদের পছন্দ করেন। তাই পার্টিতে ভালো মানুষ আসে না।’
জেলা জাতীয় পার্টির নেতা আইনুল হক বলেন, বর্তমানে কুড়িগ্রামে জাতীয় পার্টির তিনজন সাংসদ। অথচ কোনো সমন্বয় নেই। সাংসদেরা তাঁদের অনুসারী নেতা-কর্মীদের নিয়েই ব্যস্ত। দলের কথা ভাবার সময় তাঁদের নেই। দলের কোনো অঙ্গসংগঠনের কমিটি নেই। সবকিছু চলছে হাওয়ার ওপর।
এসব বিষয়ে বক্তব্য জানতে সাংসদ তাজুল ইসলাম চৌধুরীর মুঠোফোন নম্বরে বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।