খুলনা জেলা বিএনপির সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাজিদুল ইসলাম পরিবার নিয়ে থাকেন ঢাকায়। নেতা-কর্মীরা তাঁকে সহজে কাছে পান না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম নেতা-কর্মীদের সঙ্গে থাকলেও কার্যক্রম পরিচালনা করেন তাঁর বাসা থেকে। সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান গত আন্দোলনের শুরুর দিকে থাকলেও ধরপাকড়ের ভয়ে এখন ঢাকায় থাকেন। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
কর্মীরা বলেছেন, একদিকে মামলা, হামলা ও চার্জশিটের আতঙ্ক এবং অন্যদিকে শীর্ষস্থানীয় নেতাদের গা ছাড়া ভাব—এতে ঝিমিয়ে পড়েছে খুলনা জেলা বিএনপি। আর কেন্দ্রের কর্মসূচি পালিত হয় ফটোসেশন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
এমন পরিস্থিতিতে জেলা বিএনপির সব কর্মসূচি পালিত হয় মহানগর বিএনপিকে সঙ্গে নিয়ে। নয় উপজেলার মধ্যে রূপসা ও বটিয়াঘাটা জেলা সদরের কাছাকাছি হওয়ায় এই দুই উপজেলার নেতা-কর্মীরা যেকোনো কর্মসূচিতে বেশি অংশগ্রহণ করেন।
জেলার অন্তত সাতজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরাই বললেন, রাজনীতির মাঠে খুলনা জেলা বিএনপি এখন নীরব দর্শক। তবে বর্তমান পরিস্থিতিতে দলাদলিটা নেই। দলীয় কার্যালয় ঘণ্টা দুয়েকের জন্য খোলা হয়। মাঝেমধ্যে তা বন্ধ থাকে। নেতাদের কেউ কেউ ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে চলেন।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারির পর জেলার নয়টি এবং মহানগরের আটটি থানায় প্রায় দুই হাজার নেতা-কর্মীর নামে সরকারি কাজে বাধা, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনে ৬৪টি মামলা রয়েছে। এর মধ্যে গত চার মাসে পুলিশ ২৫টি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে। তদন্তাধীন রয়েছে ৩৯টি মামলা।
এর মধ্যে জেলার নেতা-কর্মীদের নামে রয়েছে নয়টি মামলা। তবে জেলা সভাপতি এখনো মামলামুক্ত আছেন। সাধারণ সম্পাদকের নামে রয়েছে চারটি মামলা। এসব মামলায় শফিকুল আলমসহ জেল খেটেছেন ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মী। এখনো ৫০-৬০ জন নেতা কারাগারে আছেন। নেতা-কর্মীদের বড় একটি সময় কাটছে আদালত আর আইনজীবীর চেম্বারে ঘুরে ঘুরে।
দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কাছ থেকে কোনো ভরসা পাচ্ছিলেন না তাঁরা। কারাভোগের যন্ত্রণা, দলের কর্মকাণ্ডে হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় তাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
২০০৯ সালের ৩০ নভেম্বর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হিসেবে মাজিদুল ইসলামকে, শফিকুল আলমকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আমির এজাজ খানের নাম ঘোষণা করা হয়। এর আগে ২০০৮ সালে সব উপজেলায় কমিটি করা হয়। বিএনপির নেতারা বলেন, পাইকগাছা ও ফুলতলা উপজেলা ছাড়া জেলার কোথাও তাঁদের অভ্যন্তরীণ কোন্দল নেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, প্রশাসনের অত্যাচারে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিএনপির কার্যক্রম ফটোসেশনে সীমাবদ্ধ কি না, জানতে চাইলে শফিকুল আলম বলেন, কেউ কেউ হয়তো এমন করে থাকেন। তবে যাঁরা টিভি ক্যামেরার সামনে পোজ দিয়ে কর্মসূচি পালন করেন, তাঁদের নামে কোনো মামলা নেই।
বাসা থেকে দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘অভিযোগটি পুরোপুরি সত্য না, আবার মিথ্যাও না। জেলার নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা আমার নামে। পুলিশ আমাকে ধরতে অনেক তৎপর ছিল। তবে জামিন নেওয়ার পর এখন নিয়ম করে অফিসে যাই।’
খুলনা জেলা বিএনপির আলাদা কোনো কার্যালয় নেই। মহানগর ও জেলা বিএনপির কার্যালয় একসঙ্গে ৬ নম্বর কে ডি ঘোষ রোডে।
জেলা বিএনপি সর্বশেষ কর্মসূচি পালন করে ৩ সেপ্টেম্বর তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে। ওই কর্মসূচিও পালিত হয় ঘরোয়াভাবে। জেলা সভাপতি তখন খুলনায় ছিলেন না।
সভাপতি মাজিদুল ইসলামের সঙ্গে কয়েক দিন একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।