দল চাইলে লড়বেন খোকা

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, আসন্ন মেয়র নির্বাচনে তিনি অংশ নিতে আগ্রহী নন। তবে দল চাইলে নির্বাচন করবেন। ব্যক্তিগত চিকিৎসা করাতে খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গতকাল সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সাংবাদিক সম্মেলনে খোকা এসব কথা বলেন।
বিএনপির এই ভাইস প্রেসিডেন্ট অভিযোগ করেন, বর্তমান সরকার চলমান আন্দোলনে ভীত হয়ে এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার লক্ষ্যেই সিটি করপোরেশনের নির্বাচনের আয়োজন করেছে।
চলতি সরকারের অধীনে গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন উল্লেখ করে খোকা বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে বিএনপি জিতবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই।’
দলের পক্ষ থেকে তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন কি না-এমন প্রশ্নের জবাবে খোকা বলেন, তাঁর আপত্তির কথা দলের নেতাদের তিনি বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এর পরও যদি তাঁকে নির্বাচনে অংশ নিতে বলা হয়, দলের বৃহত্তর স্বার্থে তিনি সে সিদ্ধান্ত মেনে নেবেন।
মেয়াদ শেষ হওয়ার প্রায় আট বছর পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে ২৮ এপ্রিল। একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশনেরও নির্বাচন হবে।
১৮ মার্চ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
অভিন্ন ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালের ২৫ এপ্রিল। মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ঢাকা সিটি নির্বাচনের উদ্যোগ নিলেও প্রধান রাজনৈতিক দলগুলো এতে রাজি হয়নি। ২০১০ সালে অভিন্ন এবং ২০১২ ও ২০১৩ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করা হয়। চট্টগ্রাম সিটিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১০ সালের ১৭ জুন।
বিএনপি সরাসরি না হলেও কৌশলে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সমমনা শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট নাগরিকদের সামনে রেখে একটি ‘মঞ্চ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই মঞ্চের নাম প্রকাশ করা হবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য জানিয়ে বলেন, বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ‘মঞ্চ’ তৈরি এবং এর নাম ঠিক করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহকে দায়িত্ব দিয়েছেন। এ জন্য আজ মঙ্গলবার বিএনপি-সমর্থক বা সমমনা বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক হওয়ার কথা।