দল থেকেই বাতিল হলো আ.লীগ প্রার্থীর মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস ছালামের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য থেকেও বহিষ্কার করা হয়েছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। আগামী শনিবার (৭ মে) এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আবদুস ছালাম আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক ও গোয়ালকান্দি ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন। এবারের ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন।
গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে ফ্যাক্সযোগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গোয়ালকান্দি ইউনিয়নের দলের মনোনীত প্রার্থী আবদুস ছালাম রাষ্ট্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যা বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-আদর্শ ও চেতনাবিরোধী। এ জন্য তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করে তাঁর মনোনয়নও বাতিল করা হলো।
গোয়ালকান্দি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও ইন্সট্রাক্টর তৌহিদুল ইসলাম আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের মতামত চাওয়া হয়েছে। তবে এখনো এ বিষয়ে কিছু জানা যায়নি।
গতকাল বিকেলে আবদুস ছালাম বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিক প্রতিপক্ষ এসব অভিযোগ তুলে তাঁকে হেয় প্রতিপন্ন করছে।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন দলের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার ও তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। তাঁদের বক্তব্য নিয়ে গত মঙ্গলবার একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।