দল পরিচালনা, নেতা নির্বাচন এবং দলীয় সংসদ সদস্য মনোনয়ন পদ্ধতিসহ বেশ কিছু বিষয়ে আওয়ামী লীগের কাছ থেকে তথ্য নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় দলের প্রতিনিধিরা। গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁরা এসব তথ্য সংগ্রহ করেন।
প্রতিনিধিদলে ছিলেন ইইউ পার্লামেন্ট মেম্বার জিন ল্যামবার্ট, ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াডোন, লুইস করনাগ, পুনম দাতার।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৈঠক সূত্র জানায়, জাতীয় সংসদ, সরকারি দল ও বিরোধী দলের কার্যক্রম, দলীয় কর্মকাণ্ড, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া, তৈরি পোশাকশিল্প প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। তবে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ইইউর প্রতিনিধিদলের সঙ্গে কোনো কথা হয়নি বলে জানা গেছে।
বৈঠক সূত্র আরও জানায়, আওয়ামী লীগের আয়ের উৎস কী? কীভাবে নেতা নির্বাচন হয়, কীভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়—এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদলের সদস্যরা জানতে চান। আওয়ামী লীগের নেতারা দলের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা তাঁদের পড়ে শোনান। বৈঠকে এক নেতা তাঁদের বলেন, ১০ ডিসেম্বর বগুড়া জেলায় কাউন্সিল আছে। সেখানে নেতা নির্বাচন প্রক্রিয়া দেখতে যাওয়ার জন্য তাঁদের আমন্ত্রণ জানানো হয়। ইইউ প্রতিনিধিদল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করবে।