দল পুনর্গঠন স্থগিত করল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠপর্যায়ে দলের পুনর্গঠন কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, পুনর্গঠনকে কেন্দ্র করে চাঙা হওয়া দলের অভ্যন্তরীণ বিরোধ যাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের ক্ষতিগ্রস্ত না করে, তার আগাম সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে নির্দেশনা দেন। এর আগে তিনি দলের জাতীয় সম্মেলন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন। জানা গেছে, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের শিগগির চিঠি দিয়ে পুনর্গঠন কার্যক্রম স্থগিত রাখার পদক্ষেপের কথা জানানো হবে। এর ফলে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছিল, তা বন্ধ হয়ে গেল।
প্রসঙ্গত, মাঠপর্যায়ে সাংগঠনিক কমিটি পুনর্গঠনের লক্ষ্যে গত সপ্তাহে দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে ১১টি কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী কয়েকজন নেতা কার্যক্রম শুরু করেন। এরই মধ্যে দু-তিন জায়গায় কমিটি গঠন নিয়ে দলের উচ্চপর্যায়ে কথা ওঠে। এ অবস্থায় পুনর্গঠন কার্যক্রম আপাতত স্থগিত রেখে দলের জাতীয় সম্মেলন ও ইউপি নির্বাচনের পর আবার শুরুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
অবশ্য জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, পুনর্গঠন কার্যক্রম স্থগিত করা হয়নি, এর গতি কমানো হয়েছে। কারণ, সামনে একদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আরেক দিকে দলের কাউন্সিল। এসব বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৯ আগস্ট এক চিঠিতে দুই মাসের সময় দিয়ে মাঠপর্যায়ে কমিটি পুনর্গঠন কার্যক্রম শুরু করেছিল বিএনপি। এ সময়ের মধ্যে সাকল্যে ১২টি জেলা কমিটি পুনর্গঠন হয়। এর মধ্যে গত ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের জন্য পুনর্গঠন কার্যক্রম বন্ধ ছিল। এবার স্থগিত করা হলো ইউপি নির্বাচন ও দলের সম্মেলনের জন্য। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর এবং ৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা কমিটি গঠন হয়।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন তত্ত্বাবধানে দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ইউপি নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
বিএনপির সূত্র জানায়, ইউপি নির্বাচনের পাশাপাশি দলের নীতিনির্ধারকদের মনোযোগ এখন জাতীয় সম্মেলনের দিকে। ১৯ মার্চ দলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জায়গা ঠিক করতে না পারায় দায়িত্বশীল নেতারা অস্বস্তিতে আছেন। এ পরিস্থিতিতে খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতির জন্য গঠিত উপকমিটির প্রধানদের সঙ্গে বৈঠক করেন।