
টানা তিন মাসের আন্দোলন ও সিটি করপোরেশন নির্বাচনের পর আবারও দল গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এ নিয়ে কাজ শুরু করেছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, বিএনপি মনে করছে, এখন সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন। কারণ, টানা তিন মাসের আন্দোলনে নেতা-কর্মীরা ক্লান্ত। হাজার হাজার নেতা-কর্মী মামলার আসামি, অনেকে কারাগারে, অনেকে পলাতক। এর মধ্যে সামনে রমজান মাস ও বর্ষা মৌসুম। সব মিলিয়ে এ সময়টিতে বড় কিছু না হলে বিএনপি রাজপথের আন্দোলনে যেতে চায় না। বরং এ সময় সংগঠনকে কিছুটা গোছানোর চেষ্টা করবে দলটি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও গত শনিবার রাতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির কমিটি পুনর্গঠনের কথা বলেছেন।
খালেদা জিয়ার কার্যালয়ের একটি সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন দল পুনর্গঠনের বিষয়ে ইতিমধ্যে দলের নেতা এবং সমমনা পেশাজীবী নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন। খোঁজখবর নিচ্ছেন। সারা দেশে সব জেলা কমিটির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিও পুনর্গঠন করা হতে পারে। ৫ জানুয়ারির নির্বাচনের পর ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করা হয়েছিল। কিন্তু নতুন কমিটিও সেভাবে সফল হতে পারেনি। এখন আবার ঢাকা মহানগর কমিটি ‘পুনর্বিন্যাসের’ চিন্তা করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এখনো কারাগারে। তাঁরা মুক্তি পেলে আবার
দল পুনর্গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হতে পারে। এর আগে দলের নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির আগামী সভায় পুনর্গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে স্থায়ী কমিটির বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি।
চেয়ারপারসনের কার্যালয়ের আরেকটি সূত্র জানায়, এবার দলের কেন্দ্রীয় কমিটির ওপরে আরেকটি কমিটি করা যায় কি না, তা চিন্তাভাবনা চলছে। দলীয় নেতাদের পাশাপাশি সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু বিএনপিমনা এবং গ্রহণযোগ্য এমন ব্যক্তিদের সমন্বয়ে এই কমিটি করার চিন্তা আছে। তবে এমনটি করতে হলে দলের গঠনতন্ত্র সংশোধন করতে হবে।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, দল পুনর্গঠন নিয়মিত কাজের অংশ। যেখানে যেখানে সংগঠন দুর্বল, সেখানে সংগঠন শক্তিশালী করা এবং মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব, এ কাজগুলো শেষ করা হবে। কেন্দ্রীয় কাউন্সিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের সময় ঠিক হয়নি। সব ইউনিট কমিটি পুনর্গঠনের পর সাধারণত কেন্দ্রীয় কাউন্সিল হয়।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনের পর গত বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, দল গুছিয়ে তাঁরা আবার আন্দোলন শুরু করবেন। এর অংশ হিসেবে কয়েকটি জেলা কমিটি (আংশিক), ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠন করা হয়েছিল। যুবদলের কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটিকে সব ওয়ার্ড ও থানা কমিটি করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখনো তারা কোনো কমিটি ঘোষণা করতে পারেনি। ছাত্রদলের কমিটিও পূর্ণাঙ্গ হয়নি, নতুন করে ইউনিট কমিটিগুলোও করা হয়নি।
দল পুনর্গঠন শেষ না করেই চলতি বছরের ৫ জানুয়ারি থেকে আবার লাগাতার অবরোধের ডাক দেয় বিএনপি। সেই অবরোধ প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অবরোধ-হরতাল সারা দেশে অনেকটা অকার্যকর হয়ে পড়ে। এ অবস্থায় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে টানা তিন মাসের আন্দোলনে ছেদ টেনে হঠাৎ সিটি নির্বাচনে অংশ নেয় বিএনপি। খালেদা জিয়া নেতা-কর্মীদের ‘ভোট ডাকাতি’ ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে পাহারা বসাতে বলেছিলেন। কিন্তু সেই নির্বাচনে নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সমন্বয়ে যুক্ত ছিলেন বিএনপির এমন একজন নেতা প্রথম আলোকে বলেন, তিন মাসের আন্দোলন ও ঢাকা-চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়েছে। তিনি নেতা-কর্মীদের মধ্যে তিনি হতাশা দেখেছেন। তিনি মনে করেন, এ অবস্থায় এখন হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যাওয়া দলের জন্য ঠিক হবে না। এর আগে দলকে আবার সংগঠিত করতে হবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির আন্দোলন চলছে, কিন্তু এখনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়নি। বিএনপির অনেক ভুলভ্রান্তি আছে, তা অস্বীকার করার উপায় নেই। তিনি মনে করেন, আন্দোলনকে এগিয়ে নিতে হলে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সংগঠন শক্তিশালী করা। রাগ-অনুরাগের ঊর্ধ্বে উঠে যোগ্যদের দলে উপযুক্ত স্থান দিতে হবে, অযোগ্যদের বাদ দিতে হবে।