দল পুনর্গঠনের চেষ্টা, হামলা-মামলার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর পর গত শনিবার সকালে বাগেরহাট জেলায় বিএনপির কার্যালয়ে সাংগঠনিক সভা ডাকা হয়েছিল। উদ্দেশ্য ছিল কমিটি পুনর্গঠন বিষয়ে আলোচনা। তবে শহরের মুনিগঞ্জে দলীয় কার্যালয়ের চারপাশে পুলিশ অবস্থান নেওয়ায় সেই সভা আর হয়নি।
দলের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মামলা আর গ্রেপ্তার আতঙ্কে এলাকাছাড়া। জেলা বিএনপির দ্বিবার্ষিক কমিটির মেয়াদও শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে। এ অবস্থায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত তাদের প্রতিটি সাংগঠনিক কমিটি পুনর্গঠনের কাজ শুরু করতে যাচ্ছে। এর ফলে পলাতক জীবনের রেশ কাটার আগেই নেতা-কর্মীরা আবারও হামলা, নির্যাতন আর মামলার আশঙ্কা করছেন।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘আওয়ামী লীগ পুলিশ দিয়ে আমাদের ঘরোয়া সভা পর্যন্ত করতে দিচ্ছে না। তারা আমাদের মৌলিক রাজনৈতিক অধিকারটুকুও হরণ করছে।’
গত সাড়ে ছয় বছরে বাগেরহাটে দলীয় নেতা-কর্মীরা এক অসহনীয় মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রায় চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে শ খানেক নেতা-কর্মী কারাগারে। আর নিরাপত্তাহীনতা ও পুলিশি নির্যাতনের ভয়ে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী গা ঢাকা দিয়ে আছেন।
দলের এই পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে তৃণমূল কর্মীরা আবারও নির্যাতন-নিপীড়নের শিকার হবেন কি না—জানতে চাইলে এম এ সালাম বলেন, ‘আবারও যে তাঁরা হামলা-নির্যাতনের শিকার হবেন না, তার নিশ্চয়তা নেই। দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভা না করতে দেওয়াই তার প্রমাণ।’
অবশ্য কোনো পুলিশি নির্যাতনের ঘটনা ঘটেনি বলে দাবি বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হকের। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গত শনিবার বিএনপির কার্যালয়ের আশপাশে পুলিশ অবস্থান নিয়েছিল। কার্যালয়ে কাউকে ঢুকতে বাধা দেওয়া হয়নি।
বিএনপির অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান (টুকু) প্রথম আলোকে বলেন, ‘বিএনপি কি এমন কোনো ঘটনার প্রমাণ দেখাতে পারবে যে তাদের কোনো সভা-সমাবেশ আক্রান্ত হয়েছে? তাদের কোনো সমাবেশে তো আমরা বাধা দিইনি। হয়তো তারা নিজেরাই ভয় পাচ্ছে, অথবা হয়তো তাদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই।’
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক-এগারোর প্রেক্ষাপটে জেলা বিএনপির তৎকালীন সভাপতি এম এ এইচ সেলিম দুর্নীতির মামলায় কারাগারে যান। তাঁর ছোট ভাই এম এ সালামকে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করে বিএনপি। তবে তিনি পরাজিত হন। এরপর ২০০৯ সালে তিনি জেলা সভাপতির দায়িত্ব পান। কিছুটা আকস্মিকভাবে নেতৃত্বে আসায় জেলা বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতা প্রথম থেকেই তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন। পরে তা বিভক্তিতে রূপ নেয়। এই বিভক্তি দূর করতে গত বছর বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি নিতাই রায় চৌধুরী বাগেরহাটে এসে সবাইকে নিয়ে সভা করেন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুল নাসির বর্তমান জেলা কমিটির বিপরীত মেরুর একজন নেতা। তিনি নিজেও গ্রেপ্তার আতঙ্কে সপরিবারে এলাকার বাইরে। বর্তমান সাংগঠনিক পরিস্থিতির বিষয়ে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের অস্তিত্বই সংকটের মুখে। তাই সাংগঠনিক পুনর্গঠন এখন আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সঠিক নেতৃত্ব নির্বাচন করা গেলে থানা বা জেলা কমিটিতেও সঠিক নেতৃত্ব উঠে আসবে।‘
দলের বিভক্তি, নেতা-কর্মীদের বেশির ভাগ এলাকাছাড়া হলেও কেউ কেউ সরকারি দলের সঙ্গে সমঝোতা করছেন। মাস তিনেকের মধ্যে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মধ্যম সারির শ দুয়েক নেতা-কর্মী এভাবে এলাকায় ফিরেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলা সভাপতি এম এ সালাম বলেন, ‘আসলে দলে এখন কোনো বিভক্তি আছে বলে মনে হয় না। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। সেটা বড় বিষয় নয়। দল পুনর্গঠন এখন প্রধান কাজ। দক্ষতা আর যোগ্যতা দিয়েই নেতৃত্ব বিচার হয়। পিছিয়ে পড়ে কেউ বৃত্তের বাইরে চলে গেলে সে দায় তার নিজের।’