দল পুনর্গঠনের পাল্টা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রের নির্দেশে রাজশাহী জেলা বিএনপির ইউনিয়ন, পৌরসভা ও থানা কমিটি ঢেলে সাজানোর জন্য গতকাল শুক্রবার পাল্টা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে এ সভার আয়োজন করা হয়।
সভার ব্যানারে সভার সভাপতি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরের নাম লেখা রয়েছে কিন্তু তাঁর নেতৃত্বে আগের দিন বৃহস্পতিবার অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি এ সভায় আসেননি। সভাপতি ছাড়াই গতকালকের সভা শেষ হয়েছে।
সভার সভাপতি করা হলেও সভায় উপস্থিত না থাকা প্রসঙ্গে কামরুল মনির বলেন, তাঁকে সভাপতিত্ব করতে হবে—এমন সিদ্ধান্ত দলীয় কোনো সভায় নেওয়া হয়নি। এটা তিনি অবগতও নন।
সভায় দলের কমিটি গঠনের জন্য যে নয়টি দল গঠন করা হয়েছে, তার মধ্যে হত্যা মামলার পলাতক আসামি, ছাত্রদল ও যুবদলের নেতা, বিএনপির কমিটিতে কোনো পদ নেই এমন অনেকের এবং গতকালকের সভায় আসেননি—আগের দিনের সভায় উপস্থিত ছিলেন, এমন নেতাদের নামও রাখা হয়েছে।
গতকাল বিকেলে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয়েছে বর্ধিত সভা। এতে নাদিম মোস্তফা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সাধারণ সম্পাদককে উপজেলার কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হলেও স্বাগত বক্তব্যেই নাদিম মোস্তফা বলেন, ‘খায়রুজ্জামান লিটনের কাছ থেকে টাকা নিয়ে কামরুল মনির বিএনপি করেন। ওরা হলো আওয়ামী-বিএনপি। আমি যদি জেলা বিএনপির সভাপতি হতে পারি তাহলে এঁদের কমিটিতে জায়গা হবে না।’
এ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০ সেপ্টেম্বরের মধ্যে জেলার সব ইউনিয়ন কমিটি ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলা ও পৌরসভার কমিটি গণতান্ত্রিক উপায়ে গঠন করতে হবে। সভায় নয়টি উপজেলা ও ১৪টি পৌরসভার কমিটি গঠনের কার্যক্রম তদারকি করার জন্য নয়টি দল গঠন করা হয়।
একইভাবে আগের দিন বৃহস্পতিবার সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় নয়টি দল গঠন করা হয়েছে। তারাও গণতান্ত্রিক উপায়ে সব কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
গতকাল নাদিম মোস্তফার নেতৃত্বাধীন সভায় যে নয়টি দল গঠন করা হয়েছে, তার মধ্যে গোদাগাড়ী উপজেলা কমিটি গঠন করার জন্য ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক সাংসদ আবদুল গফুর, জেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষা-বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ও সহ-মহিলা-বিষয়ক সম্পাদক মমতাজ শিরিন। এর মধ্যে নিজাম উদ্দিন ছাড়া সবাই সাধারণ সম্পাদকের পক্ষের। তাঁরা কেউ এই সভায় উপস্থিত হননি।
তানোর উপজেলার কমিটি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ছয়জনকে। এই দলে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শাহীন শওকত। এই দুজনসহ দলের তিনজন নাদিম মোস্তফার বিপক্ষের নেতা। তবে তাঁর পক্ষের অপর তিনজনের মধ্যে একজন যুবদলের নেতাও রয়েছেন।
পবা উপজেলার ১০ সদস্যের কমিটিতে জেলা বিএনপির সহসভাপতি মাইনুল আহসান, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ ছাড়া অন্যরা দলের কোনো পদে নেই।
মোহনপুর উপজেলার ১০ সদস্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সানোয়ার কবির ও সহসাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান ছাড়া বাকিরা কেউ বিএনপির নেতা নন। এঁদের মধ্যে আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল আলম হত্যা মামলার পলাতক আসামি।
পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার ১২ সদস্যের মধ্য সাতজনই ছাত্রদল ও যুবদলের নেতা।
চারঘাট উপজেলার জন্য ঘোষিত ১৩ সদস্যের কমিটির মধ্যে চারজন বিএনপির অঙ্গসংগঠনের নেতা। বাকিদের মধ্যে জেলার সাধারণ সম্পাদক কামরুল মনিরসহ পাঁচজন নাদিম মোস্তফার বিপক্ষের। তাঁরা এ বিষয়ে অবগত নন। সভাতেও আসেননি।
বাঘা উপজেলার ১২ সদস্যের কমিটির পাঁচজন বিএনপির অঙ্গসংগঠনের। অন্যদের মধ্যে হত্যা মামলার পলাতক আসামিও রয়েছেন।
বাগমারা উপজেলার জন্য আট সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে অর্ধেকই বিএনপির অঙ্গসংগঠনের নেতা।