
দল বদল করে আসা নেতারাই পেয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন। ঝালকাঠির রাজাপুর উপজেলার তিনটি ইউনিয়ন মঠবাড়িয়া, সাতুরিয়া ও সদরে এ রকম তথ্য মিলেছে।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা অভিযোগ করেন, অর্থ আর ক্ষমতার প্রভাবে এসব ভুঁইফোড় নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে এখানকার আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। ‘অনৈতিকতার প্রতিবাদে’ আরেকজন যোগ দিয়েছেন বিএনপিতে।
তবে মনোনয়ন পাওয়া নেতারা বলছেন, যোগ্য ব্যক্তি হিসেবেই তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে।
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোস্তফা কামাল শিকদার। ২০০৯ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে সাত মাস আগে গঠিত উপজেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তিনি। মনোনয়নবঞ্চিত হয়েছেন রাজাপুর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রব হাওলাদার।
আবদুর রব হাওলাদার গতকাল বলেন, সবাই জানে মোস্তফা রাজাপুর থানা শিবিরের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হন। এবারের নির্বাচনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি মনোনয়ন কিনেছেন। মোস্তফা কাকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন জানতে চাইলে আবদুর রব বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা সবার কাছ থেকে টাকা নিয়ে যাকেতাকে মনোনয়ন দিয়েছেন।’
আপনিও তো তাঁকে টাকা দিয়েছেন বলে শোনা যায়? জবাবে আবদুর রব বলেন, ‘আমার চেয়ে মোস্তফা বেশি টাকা দিয়েছে। তাঁর যোগাযোগও বেশি। তাই সে মনোনয়ন পেয়েছে।’
আবদুর রব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের উপজেলার একজন নেতা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন নেতা তখন মোস্তফা কামাল শিবির নেতা। ১৯৮৭ থেকে ১৯৯০ এই চার বছর টানা তিনি শিবিরের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। অথচ আজকে আমাকেই মোস্তফার জন্য ভোট চাইতে হচ্ছে। সুযোগ থাকলে আমি এই রাজনীতি ছেড়ে চলে যেতাম।’
জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, ‘আমি আওয়ামী লীগের উপজেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। আগেও এই পদে ছিলাম। এর সপক্ষে প্রমাণ আছে। যারা বলছে আমি শিবিরের রাজনীতি করতাম তারা প্রমাণ দিক। এগুলো ভিত্তিহীন অভিযোগ।’
তবে ছাত্রশিবিরের ওই সময়কার দুজন নেতা মোস্তফার শিবিরের রাজনীতিতে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানিয়েছেন, মোস্তফা কামালের দুলাভাই মিলন মাহমুদ একসময় জাতীয় পার্টির (জেপি) উপজেলা সভাপতি ছিলেন। তবে ২০০৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে উপজেলা চেয়ারম্যান হন। এখন তিনি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং জেলার সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। আর ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার শাহ আলম জেলার সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি। মূলত মিলন মাহমুদের তদবিরে, জেলার সভাপতির সমর্থনে জেলার সাধারণ সম্পাদক অর্থের বিনিময়ে মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন।
সাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. ছিদ্দিকুর রহমান। আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেন, তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। ২০০৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এই ইউনিয়নে স্বাধীনতার পর থেকে দলের হাল ধরে আছেন সোবহান খান। তিনি এখানে মনোনয়ন চেয়েও পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত দলের নেতাদের চাপে প্রত্যাহার করে নেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করেই গত ৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।
সোবহান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘৪৬ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। ৪০ বছর ইউনিয়নের সভাপতি ছিলাম। আমরা দলের মনোনয়ন পাব না কিন্তু যুবদলের নেতা হঠাৎ করে এসে আজকে আওয়ামী লীগের প্রার্থী। এই রাজনীতি মানতে পারছি না। তাই সরে দাঁড়ালাম।’
ছিদ্দিকুর রহমান বলেন, সোবহান সাহেব পুরান আওয়ামী লীগার। কিন্তু তাঁর সঙ্গে লোকজন নেই। একাই সব করতে চান। ক্ষোভ থেকে তিনি এখন এসব বলছেন।
রাজাপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন মজিবর মৃধা। তিনি একজন ঠিকাদার। প্রথমে বিএনপি ও পরে জাতীয় পার্টির (জেপি) রাজনীতি করতেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ওরফে কাজল। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। ৪ মার্চ তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। তাজুল বলেন, অনৈতিকতার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা গতরাতে প্রথম আলোকে বলেন, ঝালকাঠিতে টাকা খাওয়ার মতো কোনো নেতা নেই। টাকা লেনদেন করে মনোনয়ন দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।