দল বলতে শুধু আ. লীগ ও জাপাই, মন্তব্য এরশাদের

দল বলতে দেশে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই আছে বলে মন্দব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। বাংলাদেশের রাজনীতির ময়দানে এখন আর কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে জাপার ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ইফতার অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, এখন শূন্যতা বিরাজ করছে। দল বলতে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই আছে।
নেতা-কর্মীদের উদ্দেশে জাপার চেয়ারম্যান বলেন, ‘প্রাণপণে চেষ্টা করো, যাতে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়া যায়। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। দলটির কোনো অস্তিত্ব নেই। আমরাই থাকব। এককভাবেই নির্বাচন করব।’
ইফতারে আরও অংশ নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এস এম ফয়সাল চিশতি।