দল বা খালেদা, একটি বেছে নিন: হাছান

দল অথবা খালেদা জিয়া—বিএনপির নেতা–কর্মীদের দুটির একটি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির কাছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মুখ্য নাকি দল মুখ্য, এটি বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে।
প্রয়াত অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র এসব কথা বলেন।
‘বর্তমান প্রেক্ষাপট ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, খালেদা জিয়ার জন্য বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে কি না এবং আত্মহননের যে প্রক্রিয়া আপনারা ২০১৪ সালে শুরু করেছিলেন, সেটি ২০১৮ সালে সম্পন্ন করবেন কি না।’ বিএনপি সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া দল নির্বাচনে যাবে না। এ বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার শাস্তি হবে কি না, সেটি আদালত বলতে পারেন। কিন্তু বিএনপি নেতারা আদালতকে হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন।’ এসব বক্তব্য বিবেচনায় নিয়ে আদালত অবমাননার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন হাছান মাহমুদ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সারাহ বেগম কবরী, চিত্রনায়ক ফারুক প্রমুখ।