দল ভাঙতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে: খালেদা জিয়া
দল ভাঙতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শনিবার রাতে গুলশান কার্যালয়ে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ অভিযোগ করেন। এসব কাজ বন্ধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে রেহাই পাবেন না বলে হুঁশিয়ার করেন তিনি।
চট্টগ্রাম বিভাগের বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দল ভাঙানোর জন্য এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। তাদের বলব, এসব বন্ধ করুন। এসব কাজ আপনাদের না। আপনাদের কাজ আমরা জানি। আওয়ামী লীগ চিরস্থায়ী নয়। তাদের বিদায় নিতে হবে। তখন যদি বলেন, আওয়ামী লীগ হুকুম দিয়েছে তাই করেছি, এসব বলে পার পাবেন না। তাই এসব বন্ধ করেন।’
খালেদা জিয়া নেতা-কর্মীদের ভয় না পেয়ে সংগঠিত হয়ে আন্দোলনে থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি আন্দোলনে আছে। বিএনপির আন্দোলন হবে শান্তিপূর্ণ। আওয়ামী লীগের ‘গুন্ডাবাহিনী’ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আন্দোলনে বাধা সৃষ্টি করা হলে পরিণতি ভালো হবে না। সরকার যে রকম আচরণ করবে সেভাবেই তার জবাব দেওয়া হবে।
র্যা বকে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করানো হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘একদিন তাদের বিচার হবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও সালাহ উদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) গোলাম আকবর খন্দকার উপস্থিত ছিলেন।