লক্ষ্মীপুরে রাজনীতির নিয়ন্ত্রণ এখন আওয়ামী লীগের হাতে। নেতারা দাবি করেছেন, জেলায় দল এখন যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। কিন্তু শহরে জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই। শহরের বাইরে থেকে নেতা-কর্মীদের এসে তাই নেতাদের বাসায় গিয়ে হাজির হতে হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সদর আসনের সাংসদ এ কে এম শাহাজাহান কামাল পৌরসভার আটিয়াতলী গ্রামে তাঁর বাড়িতে আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করেন। সেখানে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের যাননি। তবে মেয়রের উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনে আলাদা কোরআনখানি, আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়। জেলা কমিটির পক্ষে সভাপতি গোলাম ফারুক ওরফে পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী ওরফে নয়ন ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।
কার্যালয় না থাকায় একেক সময় এেকক জায়গায় দলীয় ও জাতীয় কর্মসূচি পালিত হয়ে আসছে। আর দলের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর বাসভবন থেকে।
এক যুগ পর গত ৩ মার্চ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। তাতে গোলাম ফারুককে সভাপতি এবং নুর উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। লক্ষ্মীপুরের আলোচিত নেতা পৌরসভার মেয়র আবু তাহের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনের পর থেকে নেতা-কর্মীদের একাংশ পৌর মেয়র আবু তাহেরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। আবার কেউ কেউ পদ-পদবির আশায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী জানান, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় ও জাতীয় সব কর্মসূচি জেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হচ্ছে। তিনি বলেন, লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের প্রক্রিয়া চলছে।
দলীয় সূত্র জানায়, কমলনগর উপজেলা ছাড়া রামগতি, রায়পুর, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলা কমিটি অনেক আগে মেয়াদ পার করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, অল্প সময়ের মধ্যে উপজেলা ও পৌর কমিটিগুলো গঠন করা হবে। কমিটি গঠনের লক্ষ্যে তাঁরা বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা শুরু করেছেন।
গত ২০ বছরে জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি লক্ষ্মীপুরে। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে যুবলীগের কার্যক্রম। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন ওরফে টিপু জানান, জেলা যুবলীগের কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রক্রিয়া চলছে। তিনি পৌর মেয়র আবু তাহেরের ছেলে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাঈল হোসেন চৌধুরী জানান, দলীয় ও জাতীয় যেকোনো কর্মসূচিতে পৌরসভার মেয়র আবু তাহের ডাকলে তাঁরা সেখানে অংশ নেন। আবার জেলা আওয়ামী লীগ ডাকলেও তাঁরা যোগ দেন।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক ওরফে মিলন বলেন, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না হলেও জাতীয় ও দলের সব কর্মসূচি সুন্দরভাবে পালিত হচ্ছে। দল আগের চেয়ে সাংগঠনিকভাবে এখন আরও শক্তিশালী। তিনি বলেন, এখানে জনপ্রতিনিধিদের বেশির ভাগ আওয়ামী লীগের। আগামী নির্বাচনে চারটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করেন তিনি।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে ভালোবাসি। দলের গুরুত্বপূর্ণ পদে না থাকলেও জাতীয় কর্মসূচিগুলো গুরুত্বের সঙ্গে পালন করি।’
লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শাহাজাহান কামাল বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি না হলেও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চোখে পড়ার মতো। দল ক্ষমতায় থাকায় আমরা লক্ষ্মীপুরের উন্নয়নেরও সুযোগ পাচ্ছি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, দলে কোনো কোন্দল নেই। প্রতিটি ইউনিয়নে কমিটি গঠনের জন্য বর্ধিত সভা হচ্ছে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। অসহায়, দরিদ্র ও হতাহত নেতা-কর্মীদের জন্য জেলা আওয়ামী লীগ কাজ করছে।