দল 'সুসংহত' তবে কর্মসূচি পালন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর মাস দুই আগে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে দলের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান এবং চন্দন কুমার পাল। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।
এর আগে জেলা সদরসহ নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। ফলে দলের সাংগঠনিক শক্তি এখন অনেক সুসংহত বলে দাবি করেছেন সভাপতি আতিউর রহমান। দলের অন্য নেতারাও প্রায় একই দাবি করেছেন।
তবে এই সুসংহত দলটি ঐতিহাসিক ৭ ও ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচি পালন করেনি। সম্মেলনের পর দলীয় কর্মসূচি পালন না করার বিষয়ে সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল প্রথম আলোকে বলেন, ঐতিহাসিক ৭ জুনের সময় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন এবং সংসদ অধিবেশন চলার কারণে দলের সভাপতি ও হুইপ আতিউর রহমান ঢাকায় অবস্থান করায় এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তিনি (চন্দন) বিদেশে থাকায় দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
তাহলে দল কি ব্যক্তিনির্ভর হয়ে গেছে? এ বিষয়ে অবশ্য সরাসরি কেউ কিছু বলেননি। শুধু জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ আখতারুজ্জামান বললেন, মূলত পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণেই এমন অবস্থা হয়েছে। তবে কমিটি গঠনের বিষয়ে সভাপতি ও হুইপ আতিউর রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
আখতারুজ্জামান বলেন, সম্মেলনের পর দলে পদ পেতে নেতা-কর্মীরা বিভিন্নভাবে চেষ্টা করছেন। এঁদের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতা এবং আওয়ামী লীগে সদ্য যোগদানকারী নেতাও রয়েছেন। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেকে দলীয় কর্মসূচি পালনে উৎসাহ পাচ্ছেন না। গত ১৯ মে সম্মেলনের পর জেলা সদরে আওয়ামী লীগের উদ্যোগে কোনো দলীয় কর্মসূচি পালন করা হয়নি।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আগের কমিটির সব নেতাই এখন নিজেদের সাধারণ কর্মী বা সাবেক নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। এর বেশি কেউ কিছুতে যুক্ত হচ্ছেন না।

নেতা-কর্মীরা জানান, এখন শহরের রঘুনাথ বাজারের কার্যালয় থেকেই দলের সব কর্মকাণ্ড চালান হুইপ আতিউর রহমান। তিনিই দলের মূল ‘চালিকাশক্তি’। সংসদ অধিবেশন থাকলে তিনি ঢাকায় থাকলেও মাসের অধিকাংশ শুক্র ও শনিবার শেরপুরে অবস্থান করেন।
সাংসদ হিসেবে পদাধিকারবলে আতিউর শেরপুর সদরের তিনটি বেসরকারি কলেজ ও দুটি উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। ফলে দলের নেতা-কর্মী ছাড়াও এখানে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চাকরিপ্রার্থীরা। কেউ আসেন নিয়োগ বা বদলির জন্য, কেউ টিআর বা সরকারি বরাদ্দের প্রত্যাশায়, আবার কেউ মামলাসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তদবির করাতে। পরপর চারবার তিনি শেরপুর সদর আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।
একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দলের অভ্যন্তরে দৃশ্যত কোনো কোন্দল নেই। তবে হুইপ আতিউরের সঙ্গে জেলা সদরের পশ্চিমাঞ্চলের তিনজন প্রভাবশালী নেতার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এঁরা প্রকাশ্যে না হলেও আড়ালে হুইপের কোনো কোনো কাজের বিরোধিতা বা সমালোচনা করে থাকেন।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সম্মেলনের পর নেতা-কর্মীরা এখন পূর্ণাঙ্গ কমিটির জন্য অপেক্ষা করছেন। আশা করা যায়, হুইপ আতিউর বিশেষ উদ্যোগ নিয়ে শিগগির জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ত্যাগী নেতা-কর্মীদের যোগ্য পদ দেবেন।
আর আতিউর রহমান প্রথম আলোকে বলেন, সম্মেলনের পর দলের সাংগঠনিক শক্তি অনেক সুসংহত হয়েছে। নেতা-কর্মীরা হতাশ নন, বরং চাঙা হয়েছেন। দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দলে কারও সঙ্গে তাঁর কোনো ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নেই বলে দাবি করেন তিনি।