
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলকে গতিশীল রাখার একমাত্র উপায় হলো দলের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখা এবং এর অনুশীলন করা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনার বিশ্বাসে যদি ঘাটতি দেখা দেয়, তবে কোনো দিন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে যেতে পারবেন না। তাই আমাদের প্রতিনিয়ত নতুন করে গড়ে তুলতে হবে। সংগঠনে নতুন প্রাণের সঞ্চার করতে হবে। তা না হলে যতই যুগান্তকারী দল আওয়ামী লীগ হোক না কেন, এটা একদিন সচল থাকবে না।’
দলীয় নেতাদের দীর্ঘদিন নেতৃত্ব ধরে রাখার প্রবণতার সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা তাগিদ দেওয়া সত্ত্বেও নেতৃত্ব হারানোর ভয়ে অনেকে জেলা কাউন্সিল আয়োজন করতে উৎসাহিত হননি। তিনি বলেন, ‘উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল না হয়ে থাকলে, উদ্যোগ নিয়ে তা শেষ করবেন। কারণ আমরা যদি কাউন্সিল ব্যবস্থাপনা থেকে সরে আসি, তাহলে দলে প্রাণের সঞ্চার হবে না।’
সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু-ভাসানীসহ অনেক নেতা। সবাই কিন্তু আওয়ামী লীগের পদে স্থায়ী ছিলেন না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাল ধরার পর তিনি দলকে একটি যুগান্তকারী সংগঠনে রূপ দেন। এর ফলে মুক্তিযুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন হয়েছে। এরপর অনেকেই সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু কেউই ওই পদে স্থায়ী ছিলেন না।’
সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকব, এমনটা ভাবা অনুচিত। যখন সময় ফুরিয়ে যাবে, দল স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে আমাকে অব্যাহতি দিয়ে দিবে। এই পরিণতিটা আমরা মানতে চাই না, এটা মেনে নিতে হবে। দলের মধ্যে কেউই আবশ্যিক নয়। আপনার ওপর যত দিন কর্মীদের আস্থা আছে, তত দিন আপনি নেতৃত্ব রাখতে পারবেন। এর ব্যত্যয় ঘটলে এক ঘণ্টায় আপনার নেতৃত্ব চলে যাবে।’
এ ছাড়া কাউন্সিল আয়োজনের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কাউন্সিল হলো কর্মীদের মিলনমেলা। জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা আসবেন, একটা উৎসবমুখর পরিবেশে আনন্দমেলায় পরিণত হবে, এটাই হবে কাউন্সিল। আজকের এই কাউন্সিলে রঙের ঘাটতি রয়েছে, রঙের ছোঁয়া নেই। আনন্দের উচ্ছ্বাস খুব একটা খুঁজে পাই নাই।’
আজ বিএনপি-জামায়াতের সামনে কোনো রাজনীতি নেই, তাই তাঁরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন মাহবুব উল আলম।
ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়।