দলকে শক্তিশালী করার নির্দেশ শেখ হাসিনার
আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দেশের সাত বিভাগের জন্য সাতটি দল গঠন করা হবে বলে জানান তিনি।
গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভার সূচনা বক্তব্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, সংগঠনটা হচ্ছে আসল। এটাকে সুসংগঠিত করতে হবে। সারা দেশে আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন চলছে। এসব সম্মেলন ত্বরান্বিত করা দরকার। সেখানে সাতটি দল যাবে। তারা সুষ্ঠুভাবে সম্মেলন করবে, গিয়ে বসে থাকলে হবে না। সংগঠন গড়ে তুলতে হবে। নতুন নেতৃত্ব তুলে আনতে হবে।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘নানা ঘাত-প্রতিঘাত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। তার পরও সামনে এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে যাব। আমাদের টার্গেট ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা। সময় কিন্তু বেশি নেই। এখন ২০১৪। আমার বিশ্বাস, আমরা এটা করতে পারব। শুধু তাই নয়, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তর করব।’ তিনি বলেন, ৫ জানুয়ারির পর নতুন সরকার গঠন করে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। দেশ আর্থসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাদের শাসনামলে জঙ্গি ও সন্ত্রাসের দৌরাত্ম্য ছিল। ৫ জানুয়ারির আগে মনে হয় যেন সেই জঙ্গিবাদ ও সন্ত্রাসীদেরই আবার সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। জনগণ তাতে সাড়া দেয়নি, প্রত্যাখ্যান করেছে। নানা বাধাবিপত্তির পরও ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। এটা কম নয়। অনেক উন্নত দেশেও সাধারণ নির্বাচনে এত ভোট পড়ে না।
সূচনা বক্তব্যের পর প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুনসহ উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।