‘দলবাজ পুলিশদের’ প্রতিরোধ করবে ছাত্রদল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল বলেছে, ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তারা ‘দলবাজ পুলিশদের’ প্রতিরোধ করবে।
খালেদা জিয়াকে নিয়ে আইজিপি ও ডিএমপি কমিশনারের বক্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের নেতারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এই সমাবেশের আগে মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে যায়। সেখানে হয় সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে রাজারবাগে আমাদের পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তুলেছে। পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা সব সময়ই ছিল। কিন্তু পুলিশের বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার হালুয়া-রুটির লোভে পুরো পুলিশ বাহিনীতে অরাজক পরিবেশ সৃষ্টি করেছেন। তাঁরা নিজেদের অপকর্ম ঢাকতে পুলিশের পোশাক পরে রাজনৈতিক নেতার ভাষায় কথা বলছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এসব বাজে মন্তব্য ছাত্রসমাজ মেনে নেবে না। ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দলবাজ পুলিশদের প্রতিরোধ করবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। কিন্তু সেই পুলিশ বাহিনীকে আজ ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকারের দোসরে পরিণত করা হয়েছে। ডিএমপি কমিশনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই। পুলিশ বাহিনীকে রাজনীতিকরণ করা থেকে বিরত রাখার আহ্বান জানাই। তা না হলে অচিরেই সাধারণ জনগণ এ ধরনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এই কর্মসূচিতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম ও সহসভাপতি মামুন খান, যুগ্ম সম্পাদক করিম প্রধান ও মারুফ এলাহি, বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দিন, এইচ এম আবু জাফর, সোহেল রানা, শরীফ প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।