
গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদেরা যে স্বপ্ন দেখেছিলেন, দলমত-নির্বিশেষে সবাই মিলে সেই স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। গতকাল শনিবার নাগরিক ঐক্যের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আয়োজিত মিছিলের শুরুতে ড. কামাল প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, আইনের শাসন, কার্যকর সংসদ এবং শাসকদের জবাবদিহির জন্য সবাই মিলে কাজ করতে হবে। তিনি বলেন, পত্রিকা খুললেই গুম-খুনের সংবাদ দেখা যায়। এর সঙ্গে যুক্ত অপরাধীরা চিহ্নিত হয় না, যারা চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ড. কামাল আরও বলেন, এ দেশ কোনো ব্যক্তি, পরিবারের না। ’৫২, ’৬৯, ’৭১, এবং ’৯০-এর আন্দোলনে এ জাতির বিজয় হয়েছিল, এবারও হবে।
মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যায়। এরপর আবার প্রেসক্লাবের সামনে ফিরে আসে। এ সময় দুর্নীতি, সন্ত্রাস এবং ৫ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এ দেশে যে সরকারই এসেছে, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আন্দোলনে বিএনপির ব্যর্থতায় সরকার ভাবছে তারা চিরদিন ক্ষমতায় থাকবে। এটি ঠিক নয়। মানুষ জাগছে, তাঁরা এমন শাসন মেনে নেবে না।
মাহমুদুর রহমান সুন্দরবন নিয়ে মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, একজন মন্ত্রী বলেছেন, তেল পড়ার কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তিনি এই মন্ত্রীসহ দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগের দাবি জানান।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামও মিছিলের শুরুতে বক্তব্য দেন।