বিগত উপজেলা নির্বাচনে জেলায় বলতে গেলে ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগের। এ বছর গাইবান্ধায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো অনুষ্ঠান হয়নি।
দল ক্ষমতায় থেকেও কেন এই অবস্থা—এমন প্রশ্নে নেতারা বলেছেন সাংগঠনিক দুর্বলতার কথা। আর কর্মীরা বলেছেন নেতাদের অনৈক্যের কথা। সমর্থকেরা বলেছেন, জেলায় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত।
সাড়ে ১০ বছর ধরে কাউন্সিল হচ্ছে না গাইবান্ধা জেলা আওয়ামী লীগের। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি। পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা আছে। এ পরিস্থিতিতে জেলা কমিটির দলাদলি সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা এনেছে।
২০০৫ সালের ১২ ডিসেম্বর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়। এ কাউন্সিলে মোহাম্মদ খালেদ সভাপতি ও আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলের ১৪ মাস পর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর জেলা সভাপতি মোহাম্মদ খালেদ মারা যান। পরে জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তিন বছর মেয়াদি এই কমিটি ইতিমধ্যেই সাড়ে ১০ বছর পার করেছে। এর মধ্যে দুটি সংসদ নির্বাচন হয়ে গেছে।
দলের নেতা-কর্মীরা স্বীকার করেছেন, মেয়াদোত্তীর্ণ এই কমিটি সাংগঠনিক বিরোধে জড়িয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দ্বিধাবিভক্ত জেলা কমিটির একটি অংশের নেতৃত্বে রয়েছেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামসুল আলম এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। অপর অংশের নেতৃত্বে আছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে রয়েছেন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আনিসুর রহমানসহ কয়েকজন। আর হুইপের পক্ষে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ও জেলা যুবলীগ সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর।
তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, পদ হারানোর ভয়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার শীর্ষস্থানীয় নেতারা কাউন্সিলের উদ্যোগ নিচ্ছেন না। জেলা কমিটির কারণে উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোও নিষ্ক্রিয়। বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীরা দু-তিন ধারায় বিভক্ত। ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল শুরু হলেও কয়েকটি ইউনিয়নে হয়ে বন্ধ হয়ে গেছে। একই অবস্থা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোরও।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরহাদ আবদুল্যাহ হারুন প্রথম আলোকে বলেন, দল ক্ষমতায়। নেতা-কর্মীরা থাকবেন চাঙা। কিন্তু জ্যেষ্ঠ নেতাদের উদ্যোগের অভাবে কাউন্সিল হচ্ছে না। নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নেতা-কর্মীরাও হতাশ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ক্ষমতায় থাকলে সুবিধা পাওয়া যায়। তাই সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিল করার উদ্যোগ নিচ্ছেন না। ফলে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য, বিভেদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংগঠনিক অবকাঠামোও দুর্বল হয়ে পড়েছে। তিনি দাবি করেন, নাশকতাবিরোধী সমাবেশ করতে ২০১৩ সাল থেকে জেলা কমিটিকে শতবার তাগাদা দিয়েও কোনো সমাবেশ করানো যায়নি।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনেই আওয়ামী লীগ জয়ী হয়। গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা গিনি হুইপের দায়িত্ব পান। কিন্তু কেউই জেলা কমিটির কাউন্সিলের বিষয়ে কোনো ভূমিকা রাখছেন না।
গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘সংগঠনে সমন্বয় নেই, অভিযোগটি সত্য নয়। তবে কাউন্সিলের জন্য জেলা নেতৃবৃন্দকে অনেকবার তাগাদা দিয়েছি। এমনকি আহ্বায়ক কমিটির জন্য কেন্দ্রীয় কমিটিকেও প্রস্তাব দিয়েছি।’
দলের সাংগঠনিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল আলম বলেন, ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান না হওয়াই প্রমাণ করে, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতারা কতটা নিষ্ক্রিয়।
জেলা নেতাদের মতে দল ক্ষমতায় থাকলেও সাংগঠনিক স্থবিরতার কারণে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। সাতটি উপজেলার মধ্যে তিনটিতে জামায়াত, দুটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি এবং মাত্র একটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল-আলম বলেন, দলীয় সাংসদের সঙ্গে সমন্বয়হীনতা ছাড়াও দলীয় একাধিক প্রার্থীর কারণে উপজেলা নির্বাচনে ভরাডুবি হয়েছে। দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সুবিধা নেওয়ার জন্য কাউন্সিল না করার অভিযোগ সঠিক নয়। মূলত জেলা কমিটির কাউন্সিলের আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির কাউন্সিল করতে হয়। কিন্তু সেগুলো করতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় দুটি করে কমিটি। কোন কমিটি বৈধ, সে বিষয়ে কেন্দ্রীয় কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এসব কারণে জেলা কমিটির কাউন্সিল করা সম্ভব হচ্ছে না।