দলীয় কোন্দল আর মনোনয়ন-বাণিজ্যের কারণে চরম মূল্য দিতে হয়েছে কুমিল্লার দুটি পরিবারকে। স্বজন হারানোর কান্না থামছে না এই দুই পরিবারের সদস্যদের। নির্বাচনে জয়-পরাজয় থাকবে জেনেই অংশ নিয়েছিলেন প্রার্থীরা। কিন্তু ভোটে দাঁড়ানোর জন্য প্রাণ দিতে হবে বা স্বজন হারাতে হবে—এমনটা কখনোই ভাবেননি এই দুটি পরিবারের সদস্যরা।
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) মো. কামাল উদ্দিন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি ওই ইউনিয়নে দুই মেয়াদে ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি দল থেকে মনোনয়ন পাননি। কামাল নির্বাচনী মাঠে থাকলে বিএনপি প্রার্থীর জয়ের সম্ভাবনা কম। অভিযোগ আছে, এ কারণে ভোটের দিন বিএনপির প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে হত্যা করেন কামালকে। অন্যদিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সেলিমের চাচা আবদুল মান্নান (৬০) প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর পানিপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান।
দুটি ঘটনাই দাগ কেটে আছে তিতাস ও চান্দিনা উপজেলার মানুষের মনে। তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মাহতাব হোসেন বলেন, ‘যদি টাকা নাই নেবে তাহলে বর্তমান চেয়ারম্যানকে বাদ দিয়ে বিদেশ থেকে আসা একজনকে কেন মনোনয়ন দেওয়া হলো। সে তো বিএনপির কেউ না।’ তাঁর কথার সঙ্গে সহমত প্রকাশ করলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার। তিনি বলেন, ‘তোফায়েলকে মনোনয়ন দিয়েছে দল। তার বাহিনীই কামাল উদ্দিনকে খুন করেছে বলে বলা হচ্ছে। কামাল দলের নিবেদিতপ্রাণ নেতা ছিল। সে জনপ্রিয়। তার হত্যার বিচার চাই।’
চান্দিনা উপজেলা সদরে আলাপকালে আওয়ামী লীগের স্থানীয় কর্মী মালেক, মমিনুল ও রশিদ বললেন, মাইজখার ইউনিয়নে যে হামলায় চেয়ারম্যান প্রার্থী সেলিমের চাচা মারা যান তার পেছনে নিজ দলের কোন্দল কাজ করেছে। তা ছাড়া মনোনয়ন পেতে টাকা খরচ করতে হয়েছে। এ কারণে জেতার জন্য দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকেরা উগ্র ছিলেন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান থাকায় তাঁর ভোটও ছিল অনেক। ফলে একই দলের দুজন হওয়ায় এই সংঘর্ষ হয়েছে।
কামাল খুনের পেছনে প্রধান কারণ ‘মনোনয়ন-বাণিজ্য’: বিএনপির অন্তর্দলীয় কোন্দলের কারণে তিতাস উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। তবে স্থানীয়ভাবে জনপ্রিয় হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হন। বিএনপি থেকে মনোনয়ন পান বিদেশ থেকে আসা তোফায়েল আহম্মেদ। ভোটের কয়েক দিন আগে তোফায়েল প্রকাশ্যে হুমকি দেন কামালকে। স্বামীকে হত্যার পর থানায় মামলা করেন তাঁর স্ত্রী আসমা সুলতানা। তবে সেই মামলার অগ্রগতি নিয়ে এই পরিবারের স্থানীয় স্বজনেরা খুব একটা সন্তুষ্ট হতে পারেননি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা বলেন, বিএনপির দলীয় কোন্দলেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের শাস্তির মুখোমুখি করতে তদন্ত চলছে।
তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকারও বললেন, তোফায়েল বিএনপির কোনো পদে নেই। তবে তাঁর কাছ থেকে টাকা নিয়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ সত্যি নয়। তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পারভেজ হোসেন সরকার বলেন, বিএনপির অন্তর্দলীয় কোন্দলে কামালকে নির্মমভাবে প্রাণ দিতে হলো।
বিএনপি-অধ্যুষিত এই ইউনিয়নে দলের প্রার্থী জয়লাভ করতে পারেননি।
কোন্দলে প্রাণ গেল প্রার্থীর চাচার: গত ১৯ এপ্রিল রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন ও দলীয় বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মো. সেলিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নান আহত হন। ৩ মে তিনি মারা যান। মো. সেলিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি বলেন, তাঁদের পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে। চাচা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরাই এ কাজ করেছেন।
তবে অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, ‘আমার লোকদের সঙ্গে একটি মারামারি হয়েছিল। এরপর মান্নান সাহেব ঢাকায় চিকিৎসা নেন। পরে বাসায় ফিরে তিনি মারা যান।’
মামলা হলেও হামলাকারীরা সবাই গ্রেপ্তার হয়নি। নিহত ব্যক্তির পরিবার এ জন্য পুলিশকে দুষছে। তবে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেছেন, তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।