দলীয় প্রতীক নিয়েই প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তাঁর সমর্থকেরা প্রতীকসহ পোস্টার সাঁটিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থীসহ বেশ কয়েকজন প্রার্থী জেলা নির্বাচন কমিশনারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন।
তাঁদের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের আগেই গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার নবীগঞ্জ পৌর এলাকায় বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরীর পক্ষ থেকে ধানের শীষের প্রতীকসহ পোস্টার সাঁটানো হয়। পাশাপাশি প্রতীকসহ ভোটারদের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়। তাঁর পক্ষ হয়ে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সহসভাপতি শেখ সুজাত মিয়া তা বিতরণ করেন।
পোস্টার ও লিফলেটে লেখা হয়েছে, ‘আগামী ৩০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ছাবির আহমদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে আধুনিক পৌরসভা গড়ে তোলার সুযোগ দিন।’
পৌর এলাকার ভোটার সমর দাস বলেন, ‘শুধু সরকারদলীয় প্রার্থীরাই যে আইন অমান্য করেন তা নয়, বিএনপির প্রার্থীও আচরণবিধি লঙ্ঘন করেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের পর ১৪ ডিসেম্বর থেকে প্রচার চালানো যাবে। এর আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবেন না। অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়।
বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করে বলেন, ‘গেজেটে বলা হয়েছে, নির্বাচনের ২১ দিন আগে প্রচার-প্রচারণা চালানো যাবে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে কিছু জায়গায় লিফলেট বিতরণ করি। পরে জেলা নির্বাচন কর্মকর্তা তা পুনরায় বন্ধ করতে অনুরোধ করেন। গতকাল বৃহস্পতিবার তিনি কোথাও প্রচার চালাননি। ’