দলীয় প্রার্থীকে ঠেকাতে স্ত্রীকে নিয়ে 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মনোনয়ন না পেয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় প্রার্থীকে ঠেকাতে ওই ব্যক্তি এ কাজ করেছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শফিকুল ইসলাম জেলা উত্তর কৃষক দলের সদস্য ও অচিন্তপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চান। কিন্তু জায়েদুর রহমান নামের একজন মনোনয়ন পান।
শফিকুল ইসলাম বলেন, তিনি তৃণমূলের বেশির ভাগ নেতার সমর্থন পেয়েছিলেন। কেন্দ্র থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে—এমন খবর প্রচার হওয়ার পর দলের একটি পক্ষ শেষ সময়ে তাঁর মনোনয়ন ‘ছিনতাই’ করে। তাঁর বিশ্বাস, স্বতন্ত্র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করলে তৃণমূলের সমর্থনে তিনি জয়ী হবেন। চক্রান্ত করে যদি তাঁর মনোনয়ন বাতিল করা হয় বা দলীয় চাপে শেষ সময়ে মনোনয়ন প্রত্যাহার করতেই হয়, তখন স্ত্রী রেবেকা সুলতানা তাঁর পক্ষে প্রার্থী হবেন। রেবেকা সুলতানা বর্তমানে ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তাই নির্বাচনের কৌশল তাঁরও জানা আছে।
রেবেকা সুলতানা বলেন, শফিকুল ইসলামের প্রার্থিতা ঠিক থাকলে শেষ সময়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘বিদ্রোহ দমনে উপজেলা বিএনপি অবশ্যই কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি।’
স্থানীয় ও দলীয় সূত্র আরও জানায়, দ্বিতীয় দফা নির্বাচনে ৩১ মার্চ এ উপজেলায় ভোট নেওয়া হবে। উপজেলার মোট ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১৯ জন। বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’র ছড়াছড়ি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বলেন, ‘যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন, তাঁদের সঙ্গে আমরা আলোচনা করব। শেষ সময় পর্যন্ত দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।’