দলীয় প্রার্থীর জন্য এককাট্টা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। কিন্তু এখন সব বিভেদ ভুলে পৌরসভার নির্বাচন উপলক্ষে দলীয় মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।
দলীয় সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল আরও চরমে ওঠে। এ অবস্থায় মেয়র পদে তিন ‘ভূঁইয়া’ যথাক্রমে জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া ও একই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। জেলা মনোনয়ন কমিটির সভায়ও একক প্রার্থী বাছাই করা সম্ভব না হওয়ায় মেয়র পদে দলীয় মনোনয়নের বিষয়টি দলের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। অবশেষে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মেয়র পদে আসাদুল হক ভূঁইয়াকে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচনকে ঘিরে মেয়র পদে দলীয় প্রার্থী আসাদুল হক ভূঁইয়ার বিপক্ষে থাকা নেতাদের ভূমিকা কী হয়, এ নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা শুরু হয়।
এ রকম পরিস্থিতিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ সভা হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি নুরুল ইসলাম। সন্ধ্যা পর্যন্ত চলা ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা এবং মেয়র প্রার্থী আসাদুল হক ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘আমাদের মধ্যে এখন কোনো বিভক্তি নেই। অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় মেয়র প্রার্থী আসাদুল হক ভূঁইয়ার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।’
মেয়র প্রার্থী আসাদুল হক ভূঁইয়া বলেন, ‘সব ভেদাভেদ ভুলে সবাই নৌকাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদী।’