বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাই কাজ করবেন। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঘটিয়ে বিভাজন তৈরি করবেন না। কোনো অবস্থাতেই ধানের শীষের ক্ষতি করা যাবে না।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে হান্নান শাহ ওই মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, শ্রীফলতলী ইউপির সাবেক চেয়ারম্যান আ. কাদের প্রমুখ।
আ স ম হান্নান শাহ আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সরকার কতটা জোরজবরদস্তি করেছে, এটা সবাই জানে। তারা ১০টা হোন্ডা আর ২০টা গুন্ডা নিয়ে ভোটকেন্দ্র দখল করে। পুলিশ বাধা দেয় না, বরং সহযোগিতা করে।
হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকার বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পারেনি, কারণ আমাদের আসল শক্তি তৃণমূলে। সরকার যতই নির্যাতন করুক, তৃণমূল থেকে বিএনপি মুছে দিতে পারবে না। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছিল। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যা খুশি তাই করেছে। এত কিছুর পরও আমরা নির্বাচনে অংশগ্রহণ করি।’