দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যেভাবেই গঠন করা হোক, দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না। দেশে সুষ্ঠু নির্বাচন হলে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক দল। এই দলকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে যাঁরা যুক্ত করতে চান, তাঁরা ভুল করছেন। বিএনপি সরকারই জঙ্গি দমনে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে রাজনীতি ও গণতন্ত্র কোনোটাই নেই। চলছে দুর্নীতি ও দুঃশাসন। তাই আগামী নির্বাচন আর এককভাবে করতে দেওয়া হবে না।
কবিরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ হাসনা জসিম উদ্দিন মওদুদ, বিএনপির নেতা ফোরকান-ই-আলম, ফখরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু বাহার, জিয়াউল হক, আরাফাত রহমান ও জাহাঙ্গীর হোসেন।