
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলীয় ও বিদ্রোহী প্রার্থী এবং তাঁদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
সুনামগঞ্জে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের সদ্য সাবেক প্রশাসক এম এনামুল কবীর। দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা।
দলীয় সূত্রে জানা গেছে, এনামুল কবীর ২০১১ সালে ২০ নভেম্বর জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পান। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলে প্রশাসকের পদ ত্যাগ করেন। কিন্তু পরে আসনটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেয় আওয়ামী লীগ। এরপর তাঁকে আবার জেলা পরিষদের প্রশাসক করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক হন। এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কিন্তু নির্বাচনী মাঠে জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান, পৌর মেয়র মো. আয়ুব বখত জগলুলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী এনামুল কবীরের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
নুরুল হুদা ২০০১ সাল থেকে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দলের মনোনয়ন চেয়ে পাননি। এবার জেলা পরিষদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পাননি তিনি।
জেলা কমিটির কয়েকজন সাবেক নেতা প্রথম আলোকে বলেছেন, গত জেলা সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগে দুটি বলয়ের সৃষ্টি হয়। একদিকে আছেন দলীয় সাংসদেরা। এনামুল কবীর আছেন সাংসদদের বলয়ে। অন্যদিকে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাবেক দুই সাধারণ সম্পাদক নুরুল হুদা ও মো. আয়ুব বখত জগলুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীমসহ অন্যরা। মতিউর রহমান বলেন, ‘দুই প্রার্থীই আওয়ামী লীগের। নেতা-কর্মীদের তাঁদের পছন্দের প্রার্থীর সঙ্গে থাকতে কোনো বাধা নেই। আমি এখনো প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিইনি।’
আয়ুব বখত জগলুল বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। যাঁরা প্রার্থী তাঁরাও আওয়ামী লীগের। সুতরাং আমি আমার পছন্দের একজনকে বেছে নিয়েছি।’
বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা বলেন, ‘দল একজনকে সমর্থন দিয়েছে। তবে কাউকে নির্বাচন করতে নিষেধ করেনি। আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে প্রার্থী করেছেন।’ তাঁর অভিযোগ, দলের স্থানীয় সাংসদেরা আচরণবিধি লঙ্ঘন করে এনামুল কবীরের পক্ষে কাজ করছেন। তাঁরা ভোটারদের নানাভাবে প্রভাবিত করছেন। তিনি গত সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।
এম এনামুল কবির বলেন, ‘হাতে গোনা কয়েকজন ছাড়া দলের সবাই আমার পক্ষে কাজ করছেন। যাঁরা আমার বিপক্ষে নেমেছেন, তাঁদের বিরুদ্ধে নিশ্চয়ই দল কঠোর ব্যবস্থা নেবে।’ তাঁর অভিযোগ, ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি কেন, জেলার পাঁচজন সাংসদই দলীয় প্রার্থীর পক্ষে আছেন।’ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন লন্ডনপ্রবাসী আহবাব মিয়া চৌধুরী ও চঞ্চলা দাশ। এ ছাড়া সাধারণ সদস্যপদে ৭৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ২০ জন প্রার্থী হয়েছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ১ হাজার ২১৫।