একসময় জেলা বিএনপির কার্যালয়টি ছিল শহরের ঈশা খাঁ সড়কে। সেটি ১৯৯৭ সালের কথা। এরপর থেকে ‘দলীয় কার্যালয় না থাকার লজ্জা’ নিয়েই চলছে দলটি। এই দেড় যুগে দলটি কোনো কার্যালয় না পেলেও নেতা-কর্মীদের পাঁচটি বলয় পেয়েছে বিএনপি। দলীয় কোন্দলের মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে মামলা। আর ‘মামলা ও রাজনৈতিক ঝামেলা’ থেকে বাঁচতে কেউ কেউ বেছে নিয়েছেন সমঝোতার রাজনীতি।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শরিফুল আলম প্রথম আলোকে বলেন, ‘মামলা, মামলা আর মামলা। মামলার ধাক্কায় আমরা দাঁড়াতেই পারছি না। ২৮ মামলায় দলের প্রায় দেড় হাজার নেতা-কর্মী আসামি হয়ে পলাতক জীবন যাপন করছে। আমি নিজেও ১০ মামলার আসামি। এলাকায় থাকি আর না থাকি, ১০টির মধ্যে ছয়টিতে প্রধান আসামি করা হয়েছে।’
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপিতে কোন্দল শুরু হয় এক যুগ আগে। তখন জেলা কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীরা একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়েন। ওই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে সংসদ, উপজেলা ও পৌর নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে পাঁচ উপদলে এসে ঠেকেছে দল। বর্তমান সভাপতি ফজলুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এক ধারার নেতৃত্ব দিচ্ছেন। এটিকে মূল ধারা হিসেবে ধরা হয়। পৃথক ধারা সৃষ্টি করেছেন সহসভাপতি রেজাউল করিম, মাসুদ হিলালী, ওয়ালিউল্লাহ রাব্বানী। নির্বাহী সদস্য জাহাঙ্গীর মোল্লা আছেন আরেকটি ধারার নেতৃত্বে।
দলের নেতা-কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিএনপির অনেকে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলেন। অনেকে রাখেন গোপন সম্পর্ক। রাজনৈতিক প্রতিপক্ষের তাদের চাওয়া হয়রানি ও মামলায় আসামি না করার নিশ্চয়তা। বিনিময়ে তাঁরা দিচ্ছেন দলে নিজেকে গুটিয়ে রাখার প্রতিশ্রুতি। আরেকটি অংশ ঢাকায় কিংবা অন্য কোথাও অস্থায়ীভাবে বসবাস করছে। এতে দুর্বল বিএনপি রুগ্ণ হয়ে পড়ছে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বলেন, কিশোরগঞ্জের বিএনপির অনেকে এখন আওয়ামী লীগে মিলিয়ে গেছে। সমঝোতার রাজনীতির কারণে মিছিল সীমাবদ্ধ হয়ে পড়েছে ৫০ গজ দূরত্বের মধ্যে। কর্মসূচি আটকে গেছে ভিডিও ফুটেজ ধারণ পর্যন্ত। অস্তিত্ব জানান দেওয়ার সস্তা মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক।
উদাহরণ টেনে এই নেতা বলেন, ‘সমঝোতার রাজনীতি বিশ্বাস করি না বলে আমি এখন ১৮ মামলার আসামি।’
দলীয় কার্যালয় না থাকার বিষয়ে সভাপতি ফজলুর রহমানের বক্তব্য হলো কাচারী সড়কের সাধারণ সম্পাদকের একটি ব্যক্তিগত অফিসকে এখন তাঁরা অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।
সম্প্রতি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে দলর একটি সাইনবোর্ড আছে। রেজাউল করিম বসছেন শহরের স্টেশন সড়কের নিজের মালিকানাধীন একটি ঘরে। মাসুদ হিলালী নিজ বলয়ের লোকদের সাক্ষাৎ দেন শোলাকিয়ার তাঁর নিজের বাসার একটি কক্ষে। জাহাঙ্গীর মোল্লার নিজস্ব কার্যালয় কালীবাড়ি সড়কে। ওয়ালিউল্লাহ রাব্বানী বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। শহরে তিনিও নিজের বাসায়ই নেতা-কর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন। তবে নেতারা কেউ কারও অফিসে যান না। এমনকি বলয়ভুক্ত নেতা-কর্মীরা অন্য বলয়ের নেতার দপ্তর মাড়ান না।
পৃথক কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে রেজাউল করিম ওরফে চুন্নু বলেন, ‘জেলা বিএনপির কার্যালয় না থাকায় আমি একটি কার্যালয় তৈরি করেছি। চাইলে জেলা বিএনপি আমার কার্যালয়টি ব্যবহার করতে পারে। কিন্তু হীন মানসিকতার কারণে অনেকে আমার কার্যালয়ে আসতে চান না। দলের অনেকে মনে করেন আমি এমপি হলে মন্ত্রী হব, এমন ধারণা থেকে অনেকে আমার বিরোধিতা করছে।’
বিএনপির ৫০ গজের মিছিল-সংস্কৃতির বিষয়ে রেজাউল করিম বলেন, দলীয় অন্য প্রতিপক্ষরা এ পদ্ধতিতে রাজনীতি করলেও তিনি মিছিল নিয়ে বের হলে পুরো শহর প্রদক্ষিণ করেন।
কিশোরগঞ্জ বিএনপির বর্তমান রাজনীতির বিষয়ে সাধারণ কর্মীদের বক্তব্য হলো এখন রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার চেয়ে দলীয় প্রতিপক্ষের সমালোচনাই তাঁদের নেতাদের পছন্দ। সহসভাপতি মাসুদ হিলালীও এমন ইঙ্গিতই করলেন। তিনি বলেন, কিশোরগঞ্জে বিএনপি আছে বলে মনে হয় না। যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগ এখন ‘ইয়েস পার্টিতে’ পরিণত হয়েছে।
নিজের সম্পর্কে মূল্যায়ন করতে বলে মাসুদ হিলালী বলেন, ‘আমি এখন দল থেকে দূরে আছি। আল্লাহ বিল্লা করছি। তবে মাঝে মাঝে দলীয় লোকজন সুখ-দুঃখের কথা বলতে আমার কাছে আসেন।’
অধিকাংশ নেতা-কর্মী এখন আর মূল ধারায় নেই দাবি করে জেলা কমিটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘দলের প্রতি মনোযোগ নেই বলেই আমরা কার্যালয়বিহীন আছি। কার্যালয় না থাকা দলের জন্য বড় লজ্জার।’
বিভক্তির কারণে দল দুর্বল হয়ে পড়ার কথা স্বীকার করলেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তবে এও বলেন, ‘অন্য কিছু যেমন-তেমন সভা-মিছিলে প্রশাসন ও ক্ষমতাসীনের বাধা নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে।’