কার্যালয় না থাকায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অধিকাংশ সময় তাঁদের বাসায় বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ অবস্থায় অনেকটা বলয়ভিত্তিক হয়ে পড়েছে দলীয় কার্যক্রম। তবে কেন্দ্রীয় কোনো কর্মসূচি থাকলে জেলা ও মহানগর উভয় শাখার নেতা-কর্মীরা জোটবদ্ধ হয়ে তা পালন করেন।
তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর বাগবাড়ি এলাকার বাসা, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর টিলাগড় এলাকার বাসা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের ছড়ারপাড়ের বাসা, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মীরবক্সটোলা এলাকার বাসার ড্রয়িংরুম এখন দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনির্ধারিত স্থান। এর বাইরে সিলেট জেলা পরিষদের প্রশাসকের কার্যালয় ও ইব্রাহিম স্মৃতি সংসদে সাংগঠনিক সভা হয়ে থাকে।
সিলেট জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী। তাই জেলা কমিটির সাংগঠনিক সভাগুলো হচ্ছে সিলেট জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে। তবে জেলা ও মহানগর উভয় শাখার নেতা-কর্মীদের কেন্দ্রীয় কর্মসূচি পালন ছাড়া স্থানীয়ভাবে পৃথক কোনো কর্মসূচি পালন করতে খুব একটা দেখা যায় না।
দলীয় কার্যালয় না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে বলে স্বীকার করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, ‘রাজনৈতিক দলকে কার্যালয় স্থাপনের জন্য কেউ বাসা ভাড়া দিতে চান না। তবে কার্যালয় স্থাপনের জন্য ভালো জায়গা খোঁজা হচ্ছে। এখন অস্থায়ী কার্যালয় হিসেবে ইব্রাহিম স্মৃতি সংসদকে ব্যবহার করা হচ্ছে। সাংগঠনিক কিংবা কর্মিসভা সেখানেই হচ্ছে।’ তিনি বলেন, ‘নেতাদের বাসায় নেতা-কর্মীরা আসবেন—এটা স্বাভাবিক। তাই বলে রাজনৈতিক কর্মকাণ্ড ড্রয়িংরুম-নির্ভর হয়ে পড়েছে—এটি বলা উচিত হবে না।’
২০০৫ সালে সিলেটের তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলার ঘটনায় নিহত হয়েছিলেন দলের প্রচার সম্পাদক মো. ইব্রাহিম। তাঁর স্মৃতি রক্ষার্থে কামরানের প্রচেষ্টায় নগরের চালিবন্দর এলাকায় ইব্রাহিম স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল। দলীয় কার্যালয় না থাকায় এই স্মৃতি সংসদেই বড় কর্মিসভাগুলো অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে গঠিত হয়েছিল জেলা ও মহানগর কমিটি। তবে আওয়ামী লীগের রাজনীতি এখন মূলত পরিচালিত হচ্ছে তিনটি বলয়ে। প্রকাশ্যে এসব বলয়ের মধ্যে কোনো বিভাজন দেখা যায় না। তবে মোটা দাগে নেতা-কর্মীরা সিলেট-১ আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের অনুসারী হিসেবে পরিচিত।
জেলা ও মহানগরের পাঁচজন নেতা একান্ত আলাপে প্রথম আলোকে জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচি থাকলে সব ধারা-উপধারা এক হয়ে কর্মসূচি পালন করে। সর্বশেষ বাজেট ঘোষণার দিন জেলা ও মহানগর আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীর অংশগ্রহণে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়। তাঁরা বলেন, সিলেটসহ বিভাগের চার জেলা ও উপজেলায় অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন কোন্দল কম। নেই বললেই চলে। এটাই এখন আওয়ামী লীগের মূল শক্তি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাজ্য অবস্থান করছেন। জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ অর্থমন্ত্রীর অনুসারী নেতা হিসেবে পরিচিত। তবে তিনি বলেন, ‘সিলেটে আওয়ামী লীগে কোনো বলয় নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করছি।’ কার্যালয় না থাকায় নেতাদের বাসা-বাড়ি থেকে সিদ্ধান্ত হয় এবং বড় পরিসরের সভাগুলো জেলা পরিষদসহ বিভিন্ন মিলনায়তনে হচ্ছে বলে তিনি স্বীকার করেন।
সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে আসীন মিসবাহউদ্দিন সিরাজ সিলেটে সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্বে রয়েছেন। কার্যালয় না থাকায় সিলেটে তাঁর বাসাও রাজনৈতিক কার্যালয়ের মতো ব্যবহার হয়। মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, কার্যালয় ঠিক করা আসলে সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়। তবে কার্যালয় না থাকাটা সংগঠনের জন্য নেতিবাচক কিছু না।