দলীয় কার্যালয়ের জন্য আইনি লড়াইয়ে যাবেন আম্বিয়ারা
দলীয় কার্যালয় নিয়ে আইনি লড়াইয়ে যাবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মাইন উদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ তাঁদের পক্ষের নেতারা। জাসদের এই অংশের দাবি, দলে তারা সংখ্যাগরিষ্ঠ। সুতরাং নির্বাচন কমিশনে নিবন্ধিত ১৩ নম্বর দলটির নেতৃত্বে তারাই থাকবেন এবং দলীয় প্রতীক ‘মশাল’ তাদের।
জাতীয় সংসদের এমপি হোস্টেলে আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এমনটা দাবি করেন। এ সময় তাঁরা নিজেদের অংশের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করেন।
গত ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের সম্মেলন উদ্বোধন হয়। ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।
এক প্রশ্নের জবাবে মইনউদ্দিন খান বাদল বলেন, জাসদের কেন্দ্রীয় কার্যালয় শ্রমিক নেতা আবদুল কাদের, শরীফ নুরুল আম্বিয়া, কাজী আরেফ আহমেদ ও হাসানুল হক ইনুর। এর মধ্যে কাজী আরেফ মারা গেছেন। আবদুল কাদের অসুস্থ, তিনি আমাদের সমর্থন জানিয়েছেন। এই কার্যালয়ের জন্য প্রয়োজনে আদালতে যাব।
বাদল আরও বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ অংশ, দলের নিবন্ধন ও প্রতীক তাদের হবে। দলের স্থায়ী কমিটির ১৪ জনের একজন মারা গেছেন। একজন অসুস্থ, আরেক জন তাঁর অবস্থান পরিষ্কার করেননি। বাকি এগারো জনের মধ্যে মধ্যে সাতজন আমাদের সঙ্গে আছেন। তাদের মধ্যে আছেন শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ইন্দু নন্দন দত্ত, মনসুর আহমেদ আগা, মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ ও আমি মইনউদ্দীন খান এবং আমরা সবাই এখানে উপস্থিত আছি। বাদল জানান, সাংসদ লুৎফা তাহের গতকাল ভোরে বিদেশে গেছেন। তিনি আমাদের সঙ্গে আছেন।
দলের নিবন্ধন ও প্রতীক সম্পর্কে বাদল বলেন, নির্বাচন কমিশনে আমরা গেছি, ওনারেও গেছেন। কমিশন দেখবে কারা সংখ্যা গরিষ্ঠ। সংসদেও কোনো সংকট নেই। ছয়জন সাংসদের মধ্যে চারজন আমাদের সঙ্গে।
সংবাদ সম্মেলনে আম্বিয়া বলেন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, তাই দুই পক্ষকে এক করার দায়িত্ব তাদেরই বেশি। সে জন্য ঐক্যের দরজা খোলা আছে। তবে সে জন্য অপর পক্ষকে তাদের কমিটি বাতিল করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুল হক প্রধান বলেন, জাসদের নির্বাচনী কাউন্সিলে হাসানুল হক ইনুর অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আজ কেউ কেউ জঙ্গিবাদের কথা বলে মুখে ফেনা তুলে সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান হচ্ছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা ভোল পাল্টে ফেলেন।
প্রধান আরও বলেন, আমরা রাজনৈতিক কারণেই ১৪ দলের অংশীদার। ১৪ দলের ভেতরে আত্ম-সমালোচনার মাধ্যমে ভুল সংশোধন করে মহাজোট সরকারের সাফল্য নিশ্চিত করতে চাই।