দলীয় কোন্দল ও মামলায় বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কোন্দল, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও পুলিশের কড়া নজরদারিতে রাঙামাটি জেলা বিএনপি বিপর্যস্ত। শহরের কাঁঠালতলী এলাকায় নিজস্ব ভবনে জেলা কার্যালয় প্রায় সব সময় ফাঁকা থাকে। বাইরে সারা দিন বসে থাকে পুলিশের কয়েকজন সদস্য। বিএনপির দলীয় কোন্দল বেশ পুরোনো। তবে তা চরম আকার নেয় বিগত উপজেলা পরিষদ নির্বাচনের পর। গোপনে একটি আঞ্চলিক দলের প্রার্থীর পক্ষ নেওয়ার অভিযোগে জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানকে নাজেহাল করা হয়। নাজেহালকারীদের অভিযোগ, তিনি সদরে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেননি। এ জন্য জেলা কার্যালয় থেকে তাঁকে বেরও করে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে তাঁর অনুসারীরাও জেলা কার্যালয়ে যান না।
এরপর থেকে দলের স্থানীয় ও জাতীয় কর্মসূচিও পালন করা হয় পৃথকভাবে। এমনকি লাগাতার অবরোধ কর্মসূচির প্রথম দিকে দুই পক্ষের নেতা-কর্মীদের অবস্থান ছিল পৃথক। পরে উভয় পক্ষই নিষ্ক্রিয় হয়ে যায়।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘মূলত রাঙামাটির চারটি অংশে ভাগ হয়ে আমরা কর্মসূচি পালন করি। সেটাকে অনেকে পৃথক কর্মসূচি পালন বলে মনে করেন। দলের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এর ওপর পুলিশের বাধার কারণে হরতাল-অবরোধের মতো কর্মসূচিগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে পালন করা হয়।’ তবে বড় কর্মসূচি যৌথভাবে পালন করা হয় বলে তিনি দাবি করেন।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীপেন দেওয়ান জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে ২০০৭ সালে যুগ্ম জেলা জজের চাকরি থেকে ইস্তফা দেন। অবশ্য তাঁর বাবা প্রয়াত সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে মন্ত্রী ছিলেন। সেই সূত্রে আগে থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভালো যোগাযোগ ছিল দীপেনের। কিন্তু আইনি জটিলতার কারণে তিনি ২০০৯ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।
জেলা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, একই বছর (২০০৯) অনুষ্ঠিত কাউন্সিলে দীপেন দেওয়ান জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। দুই বছর পরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের নিয়ম থাকলেও তা আর হয়নি।
পৌরসভা নির্বাচনে প্রচারণা নিয়েও পৌর বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ও তাঁর অনুসারীদের সঙ্গে দীপেন দেওয়ান ও তাঁর অনুসারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানান দলের জ্যেষ্ঠ নেতারা। যদিও ওই নির্বাচনে মো. সাইফুল ইসলাম চৌধুরী বিজয়ী হন। তাঁর অনুসারীদের অভিযোগ, দীপেন দেওয়ানসহ তাঁর লোকজন নির্বাচনী কাজে সক্রিয় ছিলেন না। এই বিরোধ ধীরে ধীরে দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়াতে থাকে।
পরে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মনিষ দেওয়ান বিএনপিতে যোগ দেন। তিনিও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাজ শুরু করেন। এ সময় দীপেন দেওয়ানের বিরোধী অংশ মনিষ দেওয়ানের পক্ষে কাজ শুরু করে। পরে দুই দেওয়ানের মধ্যে বিরোধ দেখা দেয়। মনিষ দেওয়ান দলীয় কার্যক্রমে বেশ কিছুদিন সক্রিয় ছিলেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথের আন্দোলনেও তাঁকে দেখা যায়। কিন্তু সেই আন্দোলনে কোনো ফল না পাওয়ায় তিনি সরে যান। তবে বিএনপি দ্বিধাবিভক্তই রয়ে যায়।
এ ব্যাপারে জানতে ঢাকায় অবস্থানরত মনিষ দেওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
পৌর বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা দীপেন দেওয়ানকে দলীয় কার্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছি। জেলা কমিটির ১৪০ জনের মধ্যে ১২০ জনের সই নিয়ে তাঁর বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ জানানো হয়েছে। তিনি পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন।’
পৃথক কর্মসূচি পালনের ব্যাপারে সাইফুল ইসলামের ভাষ্য, ‘আমরা দীপেন দেওয়ানকে বাদ দিয়ে কর্মসূচি পালন করি। তিনিও হয়তো তাঁর লোকদের নিয়ে তা করেন।’
তবে জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান দলীয় স্বার্থবিরোধী কাজ করার অভিযোগ অস্বীকার করে বলেন, তা-ই যদি হয় তিনি (সাইফুল ইসলাম) কীভাবে মেয়র নির্বাচিত হলেন। আসলে মেয়র হওয়ার পর তাঁর উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গেছে। তবে দলে যে সামান্য মনোমালিন্য রয়েছে তা সমাধানের চেষ্টা চলছে।
কর্মসূচি পালন সম্পর্কে দীপেন বলেন, ‘জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা ভালোভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি। এখন কেন্দ্রের কর্মসূচি না থাকায় দল স্থবির মনে হচ্ছে।’
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম দলের দুই পক্ষের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি আছে বলে স্বীকার করেন। তিনি বলেন, সেটা দূর করতে বর্তমানে কাজ চলছে। বিরোধ মীমাংসার বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে ভাবা হচ্ছে।
এদিকে সাধারণ কর্মসূচিতে বাধা দেওয়া হয় না বলে দাবি করেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল ইসলাম। তিনি বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের অবস্থান থাকে। সেই সূত্রে বিএনপি কার্যালয়ের সামনেও পুলিশ থাকে।