কক্সবাজার জেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা আজ শনিবার বিকেলে সৈকত এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। এতে জেলার আটটি উপজেলার প্রায় ১ হাজার নেতা অংশ নেবেন। দীর্ঘদিন ধরে জেলা কমিটিসহ দলের বিভিন্ন ইউনিটের সম্মেলন না হওয়া এবং দলীয় কোন্দলের বিষয়টি এই সভায় তুলে ধরা হবে বলে তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, কোন্দলের অবসান ঘটিয়ে দলকে চাঙা করা এবং মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে গতিশীল নেতৃত্ব তৈরি করার দাবি জানানো হবে প্রতিনিধি সভায়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, তৃণমূলকে সক্রিয় করতেই প্রতিনিধি সভা করা হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের কাছে তৃণমূলের নেতারা তাঁদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরবেন। তাঁর দাবি, দলে এখন কোন্দল নেই। তবে হতাশা আছে। কারণ বিএনপিকে মাঠে নামতে দিচ্ছে না পুলিশ। সভা-সমাবেশের অনুমতিও দেওয়া হয় না।
প্রতিনিধি সভায় দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। এদিকে প্রতিনিধি সভাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব ফিরে এসেছে বলে মন্তব্য করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৯ সালের নভেম্বর মাসে জেলা বিএনপির সম্মেলন হয়। এতে শাহজাহান চৌধুরীকে (উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শামীম আরার নাম ঘোষণা করা নিয়ে সম্মেলন স্থলে ব্যাপক ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই দুই নেতা সালাহউদ্দিন আহমদের (বর্তমানে স্থায়ী কমিটির সদস্য) অনুসারী হিসেবে পরিচিত। এই কমিটিকে প্রত্যাখ্যান করে দলের আরেক পক্ষ সম্মেলনের পর লুৎফর রহমানকে সভাপতি (সাবেক সাংসদ) ও আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদকে (সাবেক সাংসদ) সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে। এরপর থেকে প্রায় ছয় বছর জেলা শহরে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের মে মাসে জেলা কমিটির কোন্দল নিরসনের উদ্যোগ নেন সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও লুৎফর রহমান। কিন্তু ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদ ‘নিখোঁজ’ হলে এই উদ্যোগ থেমে যায়। অবশ্য দুই মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাঁকে পাওয়া যায়। কীভাবে তিনি সেখানে গেলেন, তা আজও জানা যায়নি। তিনি এখনো দেশে ফিরে আসেননি।
২০১৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত বিএনপির জাতীয় সম্মেলনে লুৎফর রহমানকে দলের কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক করা হয়। জেলা কমিটির সম্মেলনের বিষয়ে লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজারের নেতা-কর্মীরা চাইছেন না সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে জেলা বিএনপির সম্মেলন হোক। তাই সম্মেলন করতে দেরি হচ্ছে।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল বলেন, মামলার ভয়ে দলের অনেক নেতা-কর্মী মাঠে নামার সাহস পাচ্ছেন না। জেলা বিএনপির সম্মেলন হলে তরুণ প্রজন্মের অনেকে রাজনীতি করার সুযোগ পেতেন।
কক্সবাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী বলেন, জেলা বিএনপির সম্মেলন হলে এবার কমিটির শীর্ষপদে পরিবর্তন আসতে পারে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী বলেন, কক্সবাজারের চারটি সংসদীয় আসন ধরে রাখতে ২০-দলীয় জোটকে সক্রিয় করার চেষ্টা চলছে।