দলীয় গঠনতন্ত্র সংশোধন বিষয়ে ইসিকে জানাল বিএনপি
দলীয় গঠনতন্ত্র সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ-সংক্রান্ত একটি আবেদন আজ মঙ্গলবার ইসি সচিবালয়ে দিয়ে গেছেন।
ওই লিখিত আবেদনে বলা হয়েছে, দলীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলদের ভোটে নির্বাচিত হবেন।
বিএনপির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের কোনো বিধান ছিল না। কেবল চেয়ারপারসন পদে সরাসরি নির্বাচন হতো।
আজ দুপুর দুইটার দিকে রিজভী ইসি কার্যালয়ে গিয়ে সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত আবেদনটি জমা দেন।
নির্বাচনী আইন অনুযায়ী, নিবন্ধিত যেকোনো রাজনৈতিক দলকে তার গঠনতন্ত্রের পরিবর্তন, সংশোধন, পরিমার্জন সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে জানানোর বিধান রয়েছে।
পরে সাংবাদিকদের রিজভী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্রে সই করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।