
রাজশাহীর কাটাখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন নয়জন। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত তিন প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে ৩৫টি। আওয়ামী লীগের প্রার্থী একটি হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
এ ছাড়া ওই পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের আরও পাঁচ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর নামে মামলা আছে পাঁচটি। তবে আওয়ামী লীগের বিদ্রোহী চার প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আব্বাস আলী। তিনি পেশায় একজন ব্যবসায়ী, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। গত নির্বাচনে তিনি দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আব্বাস আলী জানিয়েছেন, তাঁর নামে বর্তমানে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। আরও ছয়টি মামলায় তিনি খালাস পেয়েছেন। চলমান মামলাগুলোর মধ্যে রয়েছে ২০০১ সালের একটি হত্যা মামলা। এ মামলায় নিম্ন আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেছেন। বাকি চারটির মধ্যে দুটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে ও অন্য দুটি দণ্ডবিধির অন্যান্য ধারায় করা। বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দুটি চলতি বছরেই হয়েছে।
মামলার ব্যাপারে জানতে চাইলে আব্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে আমার নামে হত্যা মামলাটি দেওয়া হয়েছিল। একইভাবে রায়ও হয়েছে। আশা করছি উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।’ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও চলতি বছর বিস্ফোরক দ্রব্য আইনে মামলার বিষয়ে আব্বাস আলী বলেন, ‘দলের নেতাদের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল। এ কারণেই মামলাগুলো হয়েছে।’
বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী করা হয়েছে কাটাখালী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি বিএ পাস। পেশায় ব্যবসায়ী। তাঁর নামে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে। এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল কয়েক দফায় তাঁর মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন পৌর জামায়াতের সাবেক আমির ও বর্তমান মেয়র মাজিদুর রহমান। তবে বর্তমানে তিনি দলের কোনো পদে নেই। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন। ২০০২ সালে কাটাখালী পৌরসভা গঠনের পর তিনি প্রশাসক নিযুক্ত হয়েছিলেন। প্রশাসক থাকা অবস্থায় ২০১১ সালে তিনি এই পৌরসভার মেয়র নির্বাচিত হন।
হলফনামায় মাজিদুর রহমান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ১২টি। অন্য মামলাগুলো নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। এসব মামলার কারণে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। সাত মাস হাজতবাসের পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে মাজিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এগুলো সব রাজনৈতিক মামলা।’ ওই সব মামলায় আবারও তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এ ছাড়া বিএনপির আরেক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি পৌর বিএনপির সভাপতি সিরাজুল হক। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
এই পৌরসভায় আওয়ামী লীগের আরও চার নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন, আইনবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সামা ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুর রহমান। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই।
হত্যাসহ পাঁচ মামলার আসামিকে দলীয় প্রার্থী করার ব্যাপারে জানতে চাইলে পবা-মোহনপুর আসনের আওয়ামী লীগের সাংসদ আয়েন উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সবার নামই কেন্দ্রে পাঠানো হয়েছিল। আব্বাস আলীকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানা যায়নি।